সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্টার্স শেষপর্ব পরীক্ষা স্থগিতের গুজব ছড়িয়ে পড়েছে। তবে ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী আজ সোমবার (১১ মে) যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি কুচক্রী মহল পরীক্ষা গ্রহণের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি এবং নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।