Image description

একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং একাডেমিক ও প্রশাসনিক কাজের সমন্বয়ের স্বার্থে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রোগ্রাম ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একই অনুষ্ঠানে একসঙ্গে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ না জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসংক্রান্ত বিজ্ঞপ্তি রেজিস্ট্রার অফিস থেকে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, হোস্টেল, বিভাগ, ইনস্টিটিউট, সেন্টার, ব্যুরো ও অফিসে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, হল ও কেন্দ্রের অনুষ্ঠানে শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয় প্রদান, সম্মাননা স্মারক বা ক্রেস্ট দেওয়া এবং ফুলেল শুভেচ্ছা জানানোর মতো আনুষ্ঠানিকতা থেকে বিরত থাকতে হবে।

এছাড়া অতিথিদের দীর্ঘ সম্বোধন ও অতিরিক্ত বক্তব্য পরিহার করে সরাসরি অনুষ্ঠান শুরু করা এবং যত দ্রুত সম্ভব শেষ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নবীনবরণ, বিদায় সংবর্ধনা, উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, সেমিনার ও কনফারেন্সসহ নানা অনুষ্ঠানে ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একসঙ্গে প্রধান বা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর প্রচলন রয়েছে।