Image description

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাদ্রাসাগুলোতে ১২ ও ১৩ এপ্রিল ক্লাস চলবে। শুধুমাত্র ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে মাদ্রাসাগুলো বন্ধ থাকবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার জানান, পহেলা বৈশাখ একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসব হলেও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সব ধরনের সাংস্কৃতিক বা ধর্মীয় উৎসব সমানভাবে প্রযোজ্য নয়। তাই তাদের ছুটির তালিকা আলাদা রাখা হয়েছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। নোটিশে বলা হয়েছে, তিন দিনব্যাপী এ ছুটিতে স্কুল ও কলেজ শাখার সব ধরনের পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচ দিন দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ থাকছে।