আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে ময়মনসিংহের গৌরীপুরে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) রাত ১০টার দিকে উপজেলার শ্যামগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মনিরুজ্জামান মানিক সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পদে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বাসিন্দা বাহালুল মুনশী জানান, মানিকের মাথায় এলোপাতাড়িভাবে আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মানিকের ছোট ভাই মো. জামাল মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে রিয়েল আহমেদ (২৪), গিয়াস উদ্দিন (৫৫), রকি মিয়া (২২), মোসলেম উদ্দিন (২৭), রাহাত মিয়া (২০), আব্দুর রাজ্জাক (৫৮), আরমান মিয়াসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
জামাল মিয়া জানান, আসামিদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় পূর্ববিরোধের জেরে তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।