বাংলাদেশের সিনেমাজগতের আলোচিত নাম জায়েদ খান। কখনও ডিগবাজি, কখনও আবোলতাবোল আলাপন বা উদ্ভট কর্মকাণ্ড দিয়ে বরাবরই লাইমলাইটে থাকার চেষ্টা ছিল তার। পর্দায় নিজের কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই বরাবর আলোচনায় থাকেন তিনি।
সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে আলোচনা কম হলেও আবারও শিরোনামে উঠে এলেন জায়েদ খান। সামাজিকমাধ্যমে একটি ছবি ঘিরেই এই আলোচনা। ছবিটি দেখে অনেকেই বলে ওঠেন—একি হাল জায়েদ খানের।
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক। নির্মাণশ্রমিকের মতো ভারী বস্তু বহন করছেন। ছবিটি দেখে চারদিকে ঢাকাই সিনেমার এই নায়কের জন্য আলোচনা ও সান্ত্বনার ঝড়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ ছাড়েন ঢালিউড অভিনেতা জায়েদ খান। এখনও তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে তিনি কী করছেন—এ প্রশ্ন বিনোদন জগতের সর্বত্র।
ছবিটি নিয়ে সর্বত্র আলোচনা চললেও জায়েদ খানের সরাসরি কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। ছবিটি কোনো শুটিংয়ের অংশ, নাকি সত্যিই— সেটাও স্পষ্ট নয়। ছবিতে জায়েদ খানকে দেখে কেউ কেউ ‘আহারে জীবন’ বলে সান্ত্বনা দিচ্ছেন। কেউ বলছেন, ‘হাড়ভাঙা পরিশ্রমে নতুন জীবন।’ কেউ আবার লিখেছেন, ‘স্টারডম ছেড়ে স্ট্রাগল!’
অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও পুরোপুরি আড়ালে নেই জায়েদ খান। যুক্তরাষ্ট্রে ‘ঠিকানা’ চ্যানেলে তার উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরই শুরু হয় জায়েদ খানের জীবনের নতুন অধ্যায়। সামাজিকমাধ্যমের এই ছবিটি কি বিদেশবিভুঁইয়ে টিকে থাকার কঠিন বাস্তবতা, নাকি নতুন কোনো অভিজ্ঞতার ঝলক—রহস্য রয়েই গেল।