পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা (সংসদের উচ্চকক্ষ) নির্বাচনের প্রার্থী তালিকায় চমক দিয়েছেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে তিনি প্রার্থী করছেন। কোয়েল খ্যাতনামা অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা। পাশাপাশি সদ্য অবসর নেয়া তার ঘনিষ্ঠ বিতর্কিত পুলিশ কর্তা রাজীব কুমারকে প্রার্থী করে মমতা রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন।
রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা শুক্রবার ঘোষণা করা হয়েছে। ঘোষিত চারজন প্রার্থী হলেন, কোয়েল মল্লিক, জনপ্রিয় গায়ক ও রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, পশ্চিমবঙ্গের সাবেক পুলিশ কর্তা রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী মেনকা গুরুস্বামী । রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, ঘোষিত তালিকায় প্রশাসনিক দক্ষতা, আইনি প্রতিভা এবং বিনোদন জগতের জনপ্রিয়তার মেলবন্ধন ঘটানো হয়েছে । বিশেষ করে সাবেক পুলিশ কর্মকর্তা রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ঘোষণা করায় রাজ্য-রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। অন্যদিকে, গায়ক বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী মেনকা গুরুস্বামী ইডি মামলায় তৃণমূল কংগ্রেসের আইনজীবী ছিলেন। ফলে তার মনোনয়নও রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, রাজ্যসভা নির্বাচনে এই প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করতে পেরে দল আনন্দিত। আশা রাখি প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের দীর্ঘস্থায়ী সাংগঠনিক শক্তি বজায় রেখে প্রতিটি ভারতীয়ের অধিকার ও মর্যাদা রক্ষায় অবিরাম কাজ চালিয়ে যাবেন।
আগামী ১৬ মার্চ থেকে নভেম্বরের মধ্যে রাজ্যসভার ৭২টি শূন্য আসনে নির্বাচন হবে। আনুপাতিক পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের ৫ টি আসনের জন্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যার বিচারে এদের জয় নিশ্চিত।