ঈদ ঘনিয়ে এলে দেশের অর্থনীতির প্রাণভোমরা পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়’— এমন উদ্বেগ প্রকাশ করে সময়মতো পাওনা পরিশোধের জোর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে বলেন, দিন-রাত একাকার করে কাজ করা শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস নিয়ে প্রতি বছরই নানা টালবাহানা তৈরি হয়। অথচ শ্রমিকদের পরিশ্রমেই পোশাকখাত আজ দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তাই শ্রমিকদের পাওনা নিয়ে কোনো ধরনের ছলচাতুরী না করে সময়মতো বেতন ও বোনাস বুঝিয়ে দিতে হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, পোশাকখাতের অধিকাংশ মালিক ধনকুবের হিসেবে পরিচিত। শ্রমিকদের ঘামেই তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই শ্রমিকদের ঈদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের মনোভাব কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ঈদ এলেই শ্রমিকে বকেয়া বেতন ও বোনাস নিয়ে রাষ্ট্রকে মালিকপক্ষের সঙ্গে বসতে হয়। তারা নানা দাবি উত্থাপন করেন এবং অনেক ক্ষেত্রে সরকার বাধ্য হয়ে তা মেনেও নেয়।
মাওলানা আতাউর রহমান বলেন, এবারও নগদ প্রণোদনার দাবি তুলেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। দেশের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ও লাভজনক একটি খাত যদি শ্রমিকদের ঈদ আনন্দকে পুঁজি করে নিজেদের স্বার্থ আদায়ের প্রবণতা দেখায়, তা কোনো শুভলক্ষণ নয়।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী বিশ রোজার মধ্যে সকল শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস সম্পূর্ণ পরিশোধ করার আহ্বান জানাচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের যৌথ দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।