Image description

দীপা খন্দকার। নন্দিত অভিনেত্রী ও মডেল। আজ তাঁর জন্মদিন। অভিনয় করছেন একাধিক ধারাবাহিকে। সিনেমাও রয়েছে তাঁর হাতে। জন্মদিন উদযাপন, অভিনয়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন। 

সমকাল: জন্মদিন নিয়ে আপনার পরিকল্পনা কী? জীবনের এই বিশেষ দিনটি কীভাবে উদযাপন করতে ভালো লাগে?
দীপা খন্দকার: জন্মদিন নিয়ে আমার খুব বেশি আয়োজন বা পরিকল্পনা থাকে না, বরং পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালো লাগে। এবারও জন্মদিনে পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা আছে। চ্যানেল আইয়ে একটি লাইভ অনুষ্ঠানে যাব। সেখানে জন্মদিনের কেক কাটা হবে। কিছুদিন আগ পর্যন্ত জানতাম, জন্মদিনের সময় কুষ্টিয়ায় নতুন সিনেমার শুটিংয়ে থাকতে হবে। মানসিকভাবে সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। তবে শিডিউলে কিছুটা পরিবর্তন এসেছে। ফলে জন্মদিনে শুটিং থেকে বিরতি পাওয়ার সুযোগ হয়েছে। এটা আমার জন্য আনন্দের। কারণ, পরিবার চায় অন্তত বছরের এই একটি দিন যেন তাদের সঙ্গে কাটাই। আমিও চাই দিনটিতে সন্তান ও পরিবারের সদস্যদের সময় দিতে। আল্লাহর কাছে কৃতজ্ঞ, তিনি সুন্দরভাবে সবকিছু মিলিয়ে দিয়েছেন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং আরও ভালো কাজ করতে পারি।

সমকাল: অভিনয়জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন। জন্মদিনে দর্শকের কাছ থেকে পাওয়া এই ভালোবাসাকে কীভাবে দেখেন?
দীপা খন্দকার: সত্যি বলতে, এত মানুষের ভালোবাসা পাব, এটা কখনও কল্পনাও করিনি। আমার অভিনয়জীবনে প্রাপ্তি অনেক। প্রতিবছরই অনেকে শুভকামনা জানান। এটি ভালো লাগে। বিশেষ করে দর্শকের আবেগ, ভালোবাসা ও আন্তরিকতা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। বাইরে গেলে দর্শক সরাসরি তাদের ভালো লাগা কিংবা অপছন্দের কথা জানান। একজন শিল্পী হিসেবে বিষয়টি আমি ইতিবাচকভাবেই দেখি। এটি শিল্পীজীবনের বড় পাওয়া। জন্মদিনে আমার সবচেয়ে বড় চাওয়া, দর্শকের এই ভালোবাসা যেন সব সময় অটুট থাকে।

সমকাল: বর্তমানে ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে আপনার চরিত্র ও গল্পের বিশেষত্ব কী?
দীপা খন্দকার: বেশ কিছুদিন ধরে সিনেমাটির কাজ করছি। কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে শুটিং চলছে। সিনেমার গল্পটি খুব সুন্দর। আমাদের চারপাশে যে মধ্যবিত্ত জীবন দেখি, সেই জীবনের নানা আবেগ, সম্পর্ক ও মূল্যবোধ এখানে উঠে এসেছে। সব মিলিয়ে কাজটি করতে খুব ভালো লাগছে। সিনেমার পুরো ইউনিটও বেশ গোছানো ও পরিপাটি। একজন শিল্পী হিসেবে ভালো গল্প এবং সুন্দর একটি চরিত্র পাওয়াটা গুরুত্বপূর্ণ। সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। আমি চাই, দর্শক হলে গিয়ে এটি দেখুক। আমি শুধু সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কখনোই কাজ করতে চাইনি। গল্প ও চরিত্র ভালো লাগলে তবেই রাজি হয়েছি। ‘আবার দেখা হলে’র ক্ষেত্রে গল্পটি আমাকে আকৃষ্ট করেছে। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। ঈদে ‘আবার দেখা হলে’ মুক্তি পাওয়ার কথা। তাই সিনেমাটি নিয়ে প্রত্যাশা অনেক।

সমকাল: ছোট পর্দায় এখন আপনাকে বেশ ব্যস্ত দেখা যাচ্ছে। ভবিষ্যতে অভিনয়ের ক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা রয়েছে?
দীপা খন্দকার: ব্যস্ততা সত্যিই বেড়েছে। মাসে শুটিংয়ের জন্য ১২ দিন সময় রাখার চেষ্টা করি, কিন্তু বাস্তবে অনেক সময় ২০ দিনের বেশি কাজ করতে হচ্ছে। ‘ফিরে আসার গল্প’, ‘বকুলপুর সিজন থ্রি’সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও খণ্ড নাটকে কাজ করছি। পাশাপাশি নতুন নতুন গল্প ও চিত্রনাট্য আসছে। সবাই ভালোবেসেই কাজের প্রস্তাব দেন, তাই অনেক সময় না বলতেও খারাপ লাগে। তবে এখন একই ধরনের চরিত্র বারবার করতে চাই না। আমি চাই প্রতিটি চরিত্রে নতুন কিছু করার সুযোগ থাকুক। দর্শক এখন গল্পের টানে নাটক দেখেন। জীবনঘনিষ্ঠ গল্প বা চরিত্রে বেশি বেশি অভিনয় করতে চাই, যা আমাদের সমাজ ও সমস্যার সঙ্গে খাপ খায়। ভবিষ্যতে এমন চরিত্রে অভিনয় করতে চাই, যা দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে রাখবে।