Image description

মনোবিজ্ঞান ও সমাজকর্মে উচ্চশিক্ষা নিয়েছেন। কাজ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অধীনে। সামরিক পরিবারের সদস্যদের পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন থেকে সুরক্ষা দিতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের মা। এত সব পরিচয় ছাপিয়ে এবার বিশ্বসুন্দরীর মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার বারেটোর মাথায়। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার খেতাব জিতেছেন তিনি।

নিজের দেশের মাটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেনিফারের মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বোশ। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মান ঘরে তুলল পুয়ের্তো রিকো।

২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের জোসে মিগেল আগরেলট কলোসিয়ামে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। শেষ পাঁচে জেনিফারের সঙ্গে জায়গা করে নেন ডমিনিকান রিপাবলিক, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত তাদের পেছনে ফেলে বিজয়ী হন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। প্রতিযোগিতায় ডমিনিকান রিপাবলিকের প্রতিনিধি প্রথম রানারআপ এবং ভেনেজুয়েলার প্রতিযোগী তৃতীয় স্থান অর্জন করেন।

জেনিফারের এই জয় পুয়ের্তো রিকোর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-দেউ, ১৯৯৩ সালে দায়ানারা টরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা মিস ইউনিভার্সের মুকুট জিতেছিলেন। দুই দশক পর আবারও দেশের মাটিতে এই মুকুট ওঠায় উচ্ছ্বসিত দ্বীপরাষ্ট্রটির মানুষ।

কে এই জেনিফার বারেটো

জেনিফারের পরিচয় শুধু সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে সীমাবদ্ধ নয়। তিনি একজন ‘প্রিভেনশন স্পেশালিস্ট’ বা প্রতিরোধমূলক কার্যক্রম বিশেষজ্ঞ। গবেষণাভিত্তিক মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।

২০২১ সালে টেক্সাসের ফোর্ট হুডে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অধীনে পেশাগত জীবন শুরু করেন জেনিফার। বর্তমানে এই সামরিক স্থাপনাটি ফোর্ট কাভাজোস নামে পরিচিত। সেখানে তিনি ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামের অধীনে শিক্ষাবিদ ও সংকটকালীন সহায়তাকারী হিসেবে কাজ করেন।

এই কর্মসূচির আওতায় পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার সামরিক পরিবারের সদস্যদের সহায়তা দিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিরোধ ও সংকট মোকাবিলার বিভিন্ন কৌশল নিয়ে সামরিক বাহিনীর নেতাদের প্রশিক্ষণ দেওয়ার কাজও করেছেন। এ ছাড়া কার্ল আর ডারনাল আর্মি মেডিকেল সেন্টারেও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন জেনিফার।

পেশাগত জীবনে প্রতিরোধমূলক কর্মসূচি ও সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার। সামরিক পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন তিনি। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং সমাজের সার্বিক সুস্থতার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চান জেনিফার। ব্যক্তিগত জীবনেও বিশেষ পরিচয় রয়েছে তার। তিনি এক কন্যাসন্তানের মা। মাতৃত্বের কারণে নারীর স্বপ্ন কিংবা পেশাগত উচ্চাকাঙ্ক্ষায় কোনো বাধা তৈরি হওয়া উচিত নয়—নিজের প্রতিযোগিতার যাত্রায় এই বার্তাই তুলে ধরেছেন জেনিফার।

বাংলাদেশের মাহির বিদায়, ভারতের কাজিয়াও সেরা ১২-তে নেই

এদিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি অভিনেত্রী সামিরা খান মাহি। কিন্তু শেষ মুহূর্তে ভোটের হিসাবে তাঁকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। ফলে দর্শক ভোটে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ হারান মাহি। শেষ পর্যন্ত সেরা ৩০ প্রতিযোগীর তালিকাতেও জায়গা হয়নি তার। এর মধ্য দিয়ে এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের এই প্রতিনিধির যাত্রা শেষ হয়েছে।

এবারের প্রতিযোগিতায় দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। ‘পিপলস চয়েজ’ নামে এই ভোটে বিজয়ী প্রতিযোগী সরাসরি পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ পান। শুরু থেকেই এই বিভাগে ভালো অবস্থানে ছিলেন মাহি। এমনকি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরুর প্রায় এক ঘণ্টা আগেও ভোটের হিসাবে শীর্ষে ছিলেন তিনি।

তবে শেষ মুহূর্তে ভোটের হিসাব বদলে যায়। মাহিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন ইকুয়েডরের দালিয়া বুকারাম। দর্শক ভোটে বিজয়ী হওয়ায় সরাসরি পরবর্তী পর্বে জায়গা করে নেন তিনি। অন্যদিকে, পিপলস চয়েজের মাধ্যমে পরবর্তী পর্বে যাওয়ার বড় সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি।

মিস ইউনিভার্সের এবারের প্রতিযোগিতায় সেরা ৩০-এ জায়গা পাওয়া প্রতিযোগীরা সুইমস্যুট পর্বে অংশ নেন। সেখান থেকে বাছাই করা হয় সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারণ করা হয় বিজয়ী।

অন্যদিকে, ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজো। প্রথম পর্বে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত সেরা ১২-তে পৌঁছাতে পারেননি তিনি। ফলে ভারতের চতুর্থবারের মতো মিস ইউনিভার্স খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে যায়। এর আগে ১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে লারা দত্ত এবং ২০২১ সালে হরনাজ সান্ধু এই আন্তর্জাতিক মুকুট জিতেছিলেন।

জেনিফারের জয় পুয়ের্তো রিকোর ইতিহাসে নতুন অধ্যায় লিখলেও বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি ও ভারতের কাজিয়া লিজ মেজোর যাত্রা থেমেছে প্রতিযোগিতার শেষ পর্বে পৌঁছানোর আগেই।