কুয়াশার চাদরে মোড়ানো ভোর। লেকের স্থির জলে ভেসে বেড়াচ্ছে একঝাঁক হাঁস। কখনো ডানা মেলে আকাশে উড়ছে, কখনো খাবারের সন্ধানে ডুব দিচ্ছে পানিতে। চারপাশে পাখির কলকাকলিতে মুখর। প্রকৃতির এমন স্নিগ্ধ আয়োজনেই যেন শীতকে বরণ করে নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
তবে এবারের শীতের শুরুটা একটু বেশিই আনন্দের। দীর্ঘ দুই বছর পর মৌসুমের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর ও ওয়াইল্ড রেসকিউ সেন্টার এলাকায় ফিরতে শুরু করেছে পরিযায়ী পাখির দল।
প্রতি বছর শীত এলেই নতুন রূপে সেজে ওঠে ক্যাম্পাস। সবুজে ঘেরা বিস্তৃত জলাশয়গুলো ধীরে ধীরে হয়ে ওঠে দূরদেশ থেকে উড়ে আসা পাখিদের নিরাপদ আশ্রয়। শীতের হিমেল হাওয়ার সঙ্গে উত্তরের দেশগুলো থেকে আসা এসব পাখির কিচিরমিচিরে যেন নতুন করে ছন্দময় হয়ে ওঠে ক্যাম্পাস।
নগরজীবনের কোলাহল থেকে খুব বেশি দূরে নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অথচ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। সারি সারি গাছ, সবুজে ঘেরা পথ আর বিস্তৃত জলাশয় মিলিয়ে এখানে প্রকৃতি যেন আপন ছন্দে বেঁচে আছে। শীতের সকালে সেই ছন্দে নতুন মাত্রা যোগ করে পাখিরা।
ভোরের আলো ফোটার আগেই লেকের পাড়ে শোনা যায় পাখির কলকণ্ঠ। কুয়াশার আবরণ ভেদ করে পানির ওপর ভেসে ওঠে তাদের অবয়ব। কখনো একঝাঁক পাখি একসঙ্গে ডানা মেলে উড়ে যায়, কখনো শান্ত জলের ওপর সারিবদ্ধভাবে ভেসে থাকে। আবার কোনোগুলো হঠাৎ ডুব দিয়ে মুহূর্তেই অন্যত্র মাথা তুলে তাকায়। প্রকৃতির এই দৃশ্যপট মুহূর্তেই ভুলিয়ে দেয় নাগরিক জীবনের ব্যস্ততা ও ক্লান্তি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন এলাকার লেকে পরিযায়ী পাখির আগমন নিয়ে এবার বাড়তি আশাবাদ তৈরি হয়েছে। দুই বছর ধরে মৌসুমের শেষ দিকে পাখির দেখা মিললেও শুরুর দিকে এ এলাকায় তাদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছিল। তবে এবার মৌসুমের শুরুতেই পাখিদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার জানান, প্রশাসন ও বিগত জাকসুর সহযোগিতায় নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে এ এলাকার জলাশয়ে এবার প্রায় ৩৫০টি পাখির আগমন ঘটেছে। দীর্ঘ দুই বছর পর আবার নভেম্বরের দিকে পাখি দেখতে পাওয়াটা আমাদের জন্য একটি নতুন বিজয়।
শুধু পাখির সংখ্যা বৃদ্ধি নয়, মৌসুমের শুরুতেই তাদের ফিরে আসাকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। তাদের মতে, পাখিদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতি বছরই এসব জলাশয়ে অতিথি পাখির বিচরণ বাড়ানো সম্ভব।
এ সময় জাবির জলাশয়গুলোতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির হাঁস ও জলচর পাখির। পাতি সরালি, বড় সরালি, নীলশির হাঁস, খুন্তে হাঁস, পাতি তিলিহাঁস, রাজহাঁস, চোখা ডুবুরি হাঁস ও পাতি ডুবুরির মতো পাখির বিচরণ জলাশয়গুলোকে করে তোলে আরো প্রাণবন্ত। পাশাপাশি কালেম, শঙ্খচিল, খোঁচা ও টিটি পাখির উপস্থিতিও প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।
কোনোটি পানিতে ভেসে খাবার খোঁজে, কোনোটি ডুব দিয়ে শিকার ধরে, আবার কোনোটি লেকের পাড় ধরে হেঁটে বেড়ায়। একদিকে, আকাশে শঙ্খচিলের চক্কর আর পানিতে হাঁসের দল—সব মিলিয়ে জাবিতে শীত যেন প্রকৃতির নিজস্ব এক চিত্রশালা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেক, প্রশাসনিক ভবনের আশপাশের জলাশয়, পরিবহন এলাকার লেক ও রংপুকুর—সবখানেই শীতের সময় দেখা মেলে অতিথি পাখিদের। কোথাও তারা দলবদ্ধভাবে ভেসে থাকে, কোথাও খাবার সংগ্রহে ব্যস্ত সময় কাটায়। কোনো জলাশয় হয়ে ওঠে তাদের বিশ্রামের জায়গা, আবার কোনোটি সাময়িক আশ্রয়স্থল।
ক্যাম্পাসে শীতের সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্মৃতি ও আবেগ। কারো কাছে শীতের সকাল মানেই ক্লাসে যাওয়ার পথে লেকের পাড়ে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকা। কারো কাছে পরীক্ষার প্রস্তুতির ফাঁকে পাখির বিচরণ দেখা। আবার কারো কাছে একাকী কোনো ভোরে পাখির ডাকই হয়ে ওঠে নিঃসঙ্গতা কাটানোর সঙ্গী।
ক্যাম্পাসের লেকপাড় দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পাখির ঝাঁক চোখে পড়লে অনেকেই থমকে দাঁড়ান। কেউ মোবাইলে ধারণ করেন সেই মুহূর্ত, কেউ ক্যামেরায় বন্দি করেন ডানা মেলার দৃশ্য। আবার কেউ কোনো ছবি না তুলেই নীরবে উপভোগ করেন প্রকৃতির এই আয়োজন।
এই বিশ্ববিদ্যালয়কে ‘পাখিদের ক্যাম্পাস’ বলা হয় শুধু আবেগের কারণে নয়; দীর্ঘদিন ধরে শীতকালীন পাখির উপস্থিতিও এই পরিচয়কে প্রতিষ্ঠিত করেছে। আশির দশকের মাঝামাঝি সময় থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতের অতিথি পাখির আগমন মানুষের নজরে আসতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের জলাশয়গুলো পরিযায়ী পাখিদের পরিচিত বিচরণক্ষেত্র হিসেবে পরিচিতি পায়।
প্রতি বছর শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখি এখানে এসে সাময়িক আশ্রয় নেয়। তাদের আগমন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীপ্রেমীদের মধ্যে তৈরি হয় বাড়তি আগ্রহ। পাখি দেখতে আসেন প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী ও বিভিন্ন বয়সের মানুষ।
তবে মানুষের এই আগ্রহের পাশাপাশি পাখিদের নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। লেকপাড়ে অতিরিক্ত মানুষের উপস্থিতি, যানবাহনের চলাচল, উচ্চ শব্দ এবং রাতের বেলায় মানুষের আনাগোনা পাখিদের স্বাভাবিক আচরণে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে বিশ্রাম ও নিরাপদ আশ্রয়ের জন্য জলাশয়ে অবস্থান নেওয়া পাখিরা বিরক্ত বা আতঙ্কিত হলে অন্যত্র চলে যেতে পারে।
পরিবহন এলাকার লেকে পাখির বড় ঝাঁকের অবস্থান পরিবর্তনের ঘটনাও এই উদ্বেগকে সামনে এনেছে। রাতের বেলায় মানুষের উপস্থিতিতে পাখিদের উড়ে অন্য জলাশয়ে আশ্রয় নেওয়ার ঘটনা মনে করিয়ে দেয়, তাদের জন্য শুধু পানির উপস্থিতিই যথেষ্ট নয়; প্রয়োজন নিরুপদ্রব পরিবেশও।
এছাড়া জলাশয়ের চারপাশের গাছপালা কমে যাওয়া এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের প্রভাব পাখিদের আবাসস্থলের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই জলাশয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা, পাখিদের বিশ্রামের জায়গা নিরাপদ রাখা, অপ্রয়োজনীয় মানুষের আনাগোনা নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ কমানো জরুরি বলে জানান শিক্ষার্থীরা। তাদের নিরাপদ বিচরণ নিশ্চিত করা গেলে প্রতি বছরই শীতের আগমনী বার্তায় নতুন করে মুখর হয়ে উঠবে পাখিদের এই প্রিয় ক্যাম্পাস।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ক্যাম্পাসে পরিযায়ী পাখি আসা বন্ধ ছিল। আমরা পাখিদের নিরাপদ আবাস নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের রংপুকুরে দীর্ঘদিন পর পাখি এসেছে। আমরা পুকুরের লিজ বন্ধ করেছি। যেসব পুকুরে পাখি আসে এসব এলাকায় উচ্চ শব্দে যেকোনো অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, অতিথি পাখিদের নিরাপদ আবাসন নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ।