Image description

ত্রিভুজ প্রেমের সিনেমা কাজী জহিরের ‘অবুঝ মন’ মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে। এ ছবির গান-গল্প আর রাজ্জাক-শাবানার অভিনয় বাংলা সিনামার ভক্ত পুরনো প্রজম্মের কাছে এখনো জীবন্ত। রাজধানীর অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ মধুমিতায় ছবিটি দেখতে দর্শক অপেক্ষা করেছে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। ধূসর বর্তমানে দাঁড়িয়ে থাকা বাংলা সিনেমার অঙ্গনে সে সময়টি ‘সোনালি যুগ’ নামেই পরিচিত। কিন্তু ‘সোনালি অতীতের’ পর বর্তমান ধূসর হলো কেন?

বাংলা সিনেমার অতীত সময় নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রাজধানীর অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ ‘মধুমিতা’র ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বলছিলেন, “পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখতে আসা দর্শকের টিকিট না পেয়ে ফিরে যাওয়া দেখলে মায়া লাগত।” আক্ষেপ করে বললেন, “আহা! কী দিনটাই না পার করেছে বাংলা সিনেমা!”

 

স্বাধীনতার পরের বছর বাংলাদেশে সিনেমা মুক্তি পেয়েছিল মাত্র ২০টি। সারা দেশে প্রেক্ষাগৃহ ছিল ১২টির বেশি। ১৯৯৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল ১৪৩৫টিতে। এর পর উল্টোরথ। ২০২৫ সালে সারাদেশে সিনেমা মুক্তি পেয়েছে ৪৫টি। প্রেক্ষাগৃহের সংখ্যা কত? ৬০-৭০টি। এর বাইরে ঈদকেন্দ্রিক কিছু হল চালু হয়। তখন সব মিলিয়ে ১৬০টির মতো সিনেমা হল চালু থাকে। ২৫টিরও বেশি জেলায় কোনো সচল সিনেমা হল নেই।

 

গত শতকের নব্বইয়ের দশকের পরই মূলত বাংলা সিনেমার উল্টো চলা শুরু হয়। ২০০০ সালের পর থেকে আকাশ সংস্কৃতির বিস্তার, পাইরেসি এবং মানসম্মত চলচ্চিত্রের অভাবে একের পর এক সিনেমা হল বন্ধ হতে শুরু করে। এ অবস্থা থেকে উত্তরণে ২০১২ সালে সিনেমাকে শিল্প হিসেবে ঘোষণা করে সরকার। কিন্তু তারপর? উপরে দেওয়া পরিসংখ্যানই বলে দিচ্ছে বাংলাদেশে চলচ্চিত্রের পিছু হটার বিষয়টি।

 

অবাক করা তথ্য হচ্ছে, স্বাধীনতার ৫৫ বছরে এখনো গড়ে ওঠেনি একটি কার্যকর বক্স অফিস কালচার। অথচ চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি পক্ষ শুধুই সরকারি অনুদান আর অর্থায়নের পেছনে ছুটছে।

 

এই পরিস্থিতিতে চলচ্চিত্র হল সংস্কার ও আধুনিকায়নে এক হাজার কোটি টাকার অর্থায়নের দাবি জানায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গত ১২ অক্টোবর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বৈঠকে তারা এমন দাবি জানান।

 

সিনেমা হল নির্মাণ ও সংস্কারের জন্য বাংলাদেশ ব্যাংক ২০২১ সালেই এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচি চালু করেছিল। এখন আবার একই অঙ্কের অর্থায়ন চেয়ে দাবি জানানো হয়েছে। অথচ ২০২১ সালের ওই তহবিল থেকে বিতরণ হয়েছিল মাত্র ১৮ কোটি টাকা। তাহলে নতুন করে আবার কেন ১ হাজার কোটি টাকার তহবিল?

 

‘মধুমিতা’ হলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন চরচাকে বলেন, “নতুন তহবিল না, আসলে ওই তহবিলের কথাই আবার বলেছেন আওলাদ হোসেন উজ্জ্বলের নেতৃত্বাধীন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।”

 

রুপালি পর্দায় ডিম-মুরগীর ধাঁধা

ইফতেখার উদ্দিন নওশাদের ভাষ্যমতে, হল সংস্কার করে কী হবে, যদি ভালো সিনেমা না থাকে? দেশে কত ভালো ভালো চলচ্চিত্র পরিচালক কাজ পাচ্ছেন না–সে হিসাব কেউ রাখছে না। টাকার অভাবে তারা কী ধরনের মানবেতর জীবন যাপন করছেন, তা চোখে দেখা যায় না।

 

এ বিষয়ে নাম না প্রকাশ করে অন্য এক চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক চরচাকে বলেন, “প্রকৃত সিনেমার মানুষ রুপালি পর্দায় তার স্বপ্নের গল্প প্রজেকশনের জন্য অনুদান পান না। তারা কার্যকর লিংকের (ঘুষ ও লবিংয়ের) অভাবে ওই অনুদান পর্যন্ত পৌঁছাতে পারেন না। তাদের আত্মসম্মনবোধও এ ক্ষেত্রে একরকম প্রতিবন্ধকতা।”

 

সিনেমা হলের মালিকরা আকাশ থেকে টাকা এনে হল সংস্কার করবেন–এমন ধারণা আছে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অথচ ভালো সিনেমার জন্য ভালো গল্প আগে প্রয়োজন। উদারহণ হিসাবে তারা বলছেন, বেশি দিন আগের কথা নয়, এই দেশে ‘বেদের মেয়ে জোৎস্না’ ভীষণ দর্শকপ্রিয় হয়েছিল। সে সময় কোন মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমাটি দেখেছিল দর্শক? সালমান শাহের ছবিগুলো তো সবাই সাধারণ সিনেমা হলে বসেই দেখেছেন।

 

এ বিষয়ে চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ হোসেন জেমী চরচাকে বলেন, “ইফতেখার ভাইয়ের কথা ঠিক–গল্প ভালো হতে হবে। কিন্তু এ কথাও মানতে হবে–এখন যে প্রযুক্তিতে সিনেমা নির্মাণ হচ্ছে এবং এসব সিনেমার গল্প এস্টাবলিশই হয় অনেক ক্ষেত্রে গ্রাফিক্স ও সাউন্ড ইফেক্টের মুনশিয়ানা দিয়ে। আগের হলগুলোয় সেটা সম্ভব নয়। কাজেই হল সংস্কার করতে হবে।”

আধুনিক প্রযুক্তিকে এড়িয়ে গেলে চলবে না বলে মনে করেন এই চলচ্চিত্র পরিচালক। তিনি বলেন, “ফোর-কে মানের প্রজেকশন তো দূরের কথা, অনেক হলে ডিভিডি দিয়ে চলচ্চিত্র প্রজেকশন হচ্ছে। এটা কি কোনো ভালো কথা হলো? চলচ্চিত্র কিন্তু শুধু গল্প না, সব মাধ্যমের একটি চৌকষ সংমিশ্রণ। প্রযুক্তির সমাহারে এখন একটি সিনেমা তৈরি হয়। নতুন প্রজন্মের কথা ভুলে গেলে চলবে না।”

 

তাহলে তেমন ছবি হচ্ছে না কেন–এ প্রশ্নের জবাবে মোহাম্মদ হোসেন জেমির দাবি, “হচ্ছে। বাংলাদেশের বাইরেও দেশের সিনেমা ব্যবসা করছে। কিন্তু দেশে করতে পারছে না কেন–এ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। শিল্প ঘোষণা করে আধা ডিজিটাল সিনেমা খাওয়ানোর চেষ্টা কোনো ভালো ফলাফল আনবে না। এভাবে সিনেমার সুদিন ফিরিয়ে আনা যাবে না।”

 

সিনেমায় বিনিয়োগ মানেই ঝুঁকি!

বাংলা সিনেমায় অর্থ লগ্নিকে শুধুই ঝুঁকি হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। তাদের মতে, যেকোনো ব্যবসায় সম্ভাবনা থাকলে বিনিয়োগের ঝুঁকি নেওয়া যায়। বিনিয়োগ থেকে মুনাফার সম্ভাবনা ফিফটি-ফিফটি হলেও ব্যবসায়ীরা ঝুঁকি নিতে পারেন। বাংলাদেশে সিনামাপ্রেমী মানুষ আছে, দর্শক আছে, কিন্তু ব্যবসা নেই। পাশাপাশি হিসাবের স্বচ্ছতাও নেই। ফলে চলচ্চিত্রে লগ্নিতে আগ্রহী লোক থাকলেও ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত বিনিয়োগ হয় না।

 

বাংলাদেশের চলচ্চিত্র ব্যবসায় টিকিট বিক্রি থেকে একটি সিনেমার মোট আয় কত, দর্শক সংখ্যা কিংবা প্রযোজক শেষ পর্যন্ত কত টাকা পান–এসবের নির্ভরযোগ্য হিসাব নেই। কিছু মাল্টিপ্লেক্সে ডিজিটাল টিকিট বিক্রির তথ্য সংরক্ষিত হলেও দেশের অধিকাংশ সিঙ্গেল-স্ক্রিন হলে এখনো কেন্দ্রীয়ভাবে টিকিট বিক্রি ও আয়ের হিসাব রাখার ব্যবস্থা নেই। ফলে চলচ্চিত্রের ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রকাশিত অনেক তথ্যই নির্ভর করে প্রযোজক বা সংশ্লিষ্ট পক্ষের দেওয়া হিসাবের ওপর।

 

এ বিষয়ে পরিচালক রায়হান রাফী চরচাকে বলেন, “নির্ভরযোগ্য বক্স অফিস না থাকায় প্রযোজকদের অনেক সময় হল ধরে লোক পাঠিয়ে দর্শকসংখ্যা ও টিকিট বিক্রির হিসাব সংগ্রহ করতে হয়। কয়েকটি প্রেক্ষাগৃহের ই-টিকিটিং তথ্য পাওয়া গেলেও অধিকাংশ হল এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে।”

 

দেশের অল্প কয়েকটি সিনেমা হলে ডিজিটাল টিকিটিং ব্যবস্থা থাকলেও অধিকাংশ সিঙ্গেল-স্ক্রিন হলে টিকিট বিক্রির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত হয় না। ফলে অনেক সিনেমার প্রকৃত আয় যাচাই করা কঠিন। আয়-ব্যয়ের হিসাবের অস্বচ্ছতার কারণে ব্যবসায়ীদের পক্ষে চলচ্চিত্রে অর্থ লগ্নি আরও কঠিন।

 

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ জানান, তাদের প্রতিষ্ঠানের শাখাগুলোতে ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রির হিসাব সংরক্ষিত হয়। চরচাকে তিনি বলেন, “মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন হলগুলোকে একটি অভিন্ন সফটওয়্যার নেটওয়ার্কে যুক্ত করা গেলে কেন্দ্রীয় বক্স অফিস ব্যবস্থা গড়ে তোলা কঠিন কোনো ব্যাপার নয়।”

 

চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকদের অনেকে নাম প্রকাশ না করে চরচার কাছে আক্ষেপ করে বলেন, সিঙ্গেল-স্ক্রিন হলের কিছু মালিক বক্স অফিস ব্যবস্থায় অনাগ্রহী। কারণ, টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশিত হলে ভ্যাট ও করের হিসাবও স্বচ্ছভাবে দিতে হবে। হল মালিকদের এমন আচরণ তাদের জন্যই অনেক বড় ক্ষতির কারণ হয়ে উঠছে। তারা সেটি বুঝতে পারছে না। হয়তো সে কারণেই ২০২১ সালে হল আধুনিকায়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দের কথা থাকলেও বিতরণ হয়েছে মাত্র ১৮ কোটি টাকা।

 

তবে সিঙ্গেল-স্ক্রিন হলেও ‘মধুমিতা’ সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদও বক্স অফিস ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন।

 

ই-টিকিটিং ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে সম্প্রতি ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। কিন্তু প্রকৃত হিসাব না করে এবং উপযুক্ত মানুষদের দিয়ে ই-টিকেটিং ব্যবস্থা স্থাপন না করলে আখেরে কোনো লাভ না হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

 

এ বিষয়ে ইফতেখার উদ্দিন নওশাদ আগের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “একসময় হলে ফোর-কে মানের প্রজেকশন কীভাবে চালু করা যায়, তা দেখতে কয়েকজন উপসচিব ও সরকারী কমকর্তা বিদেশে ভ্রমণ করেছিলেন। তারা না বুঝতেন প্রযুক্তি, না বুঝতেন সিনেমা। ফলে যা হওয়ার, তাই হয়েছে। এখনো ডিজিটালের নামে আধা-ডিজিটাল হয়ে ধুঁকছে সিনেমা।”

 

আর সুদিনের অপেক্ষায় বসে আছে পুরান ঢাকার আজাদ সিনেমা হলের মালিকদের মতো সিনেমাপ্রেমী ব্যবসায়ীরা, যারা এখন পার্কিং থেকে রোজগার করা টাকায় কর্মচারীদের বেতন দিয়ে হল টিকিয়ে রেখেছেন।

 

সিনেমাপ্রেমীরা বলেন, তারা অপেক্ষায় আছেন। তবে এই অপেক্ষা কতদিন সিনেমার প্রতি নিঃস্বার্থ প্রেম টিকে থাকে–তা দেখার জন্য, নাকি দল বেঁধে আবারও সিনেমা দেখার দিন ফেরার জন্য–তা দেখার বিষয়। শুরুতে যে ‘অবুঝ মন’ সিনেমার কথা বলা হয়েছিল, তা টানা ১০০ সপ্তাহ হলে চলেছিল। সেখানেও আছে এক অসম প্রেমের কথা। এমনকি বাংলাদেশের সিনেমায় ‘অসম প্রেম’ একটা বহুল ব্যবহৃত প্লটও। অসম প্রেমের এই প্লটই কি বাংলা সিনেমার বিনিয়োগকারী, হল মালিক থেকে শুরু করে কলাকুশলীদের জন্য সত্য হয়ে উঠছে? সামনে থাকা পরিস্থিতি ও ভিত্তি বদলে দেওয়ার সুযোগকে কতটা কাজে লাগানো যায়–তার ওপরই নির্ভর করছে–এ প্রশ্নের উত্তর।