Image description

শরীরের প্রয়োজনীয় পুষ্টি না পাওয়া, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, অল্প বয়সে বিয়ে ও মাতৃত্ব—বিভিন্ন কারণে নারীদের মধ্যে রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবারের অন্য সদস্যদের তুলনায় নিজের খাবার ও স্বাস্থ্যের প্রতি নারীদের কম মনোযোগ। ফলে পুরুষের তুলনায় নারীরা প্রায় দ্বিগুণ হারে রক্তস্বল্পতায় আক্রান্ত হচ্ছেন।

চট্টগ্রাম বিভাগের চারটি গ্রামীণ ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিতে আসা প্রাপ্তবয়স্কদের ওপর পরিচালিত এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। গবেষণায় অংশ নেওয়া নারীদের মধ্যে ৭৭ দশমিক ৯ শতাংশের রক্তস্বল্পতা পাওয়া গেছে। পুরুষদের ক্ষেত্রে এ হার ৩৯ দশমিক ৭ শতাংশ।

আন্তর্জাতিক সাময়িকী হেলথ সায়েন্স রিপোর্টস গত ১০ অক্টোবর গবেষণাটি প্রকাশ করে। এতে দেখা গেছে, নারী-পুরুষ মিলিয়ে পরীক্ষায় অংশ নেওয়া ৪৫৯ জনের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ রক্তস্বল্পতায় আক্রান্ত।

গবেষণার ফলাফল অনুযায়ী, আক্রান্ত ব্যক্তিদের ২৭ শতাংশ মৃদু, ২৯ দশমিক ৬ শতাংশ মাঝারি এবং ২ দশমিক ৬ শতাংশ তীব্র রক্তস্বল্পতায় ভুগছেন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেকের রক্তস্বল্পতা মাঝারি থেকে তীব্র পর্যায়ে রয়েছে।

নারী ও পুরুষের মধ্যে রোগের তীব্রতার পার্থক্যও উল্লেখযোগ্য। পুরুষের তুলনায় নারীদের মৃদু রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার আপেক্ষিক ঝুঁকি ২ দশমিক ৫১ গুণ। মাঝারি মাত্রার রক্তস্বল্পতার ক্ষেত্রে এই ঝুঁকি ১১ দশমিক ৫৩ গুণ। তীব্র রক্তস্বল্পতার ক্ষেত্রেও নারীরা বেশি ঝুঁকিতে থাকলেও গবেষণায় এ ধরনের রোগীর সংখ্যা কম থাকায় হিসাবটির অনিশ্চয়তা তুলনামূলক বেশি।

গবেষণায় আরও দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় কম ওজনের মানুষের মাঝারি মাত্রার রক্তস্বল্পতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ দশমিক ৪২ গুণ বেশি।

গবেষণাকালে চারটি গ্রামীণ ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিতে আসা ২ হাজার ১১৮ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিবেচনায় নেওয়া হয়। তবে যাদের হিমোগ্লোবিন পরীক্ষার তথ্য পাওয়া গেছে, এমন ৪৫৯ জনকে চূড়ান্ত বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে ২৩৫ জন নারী ও ২২৪ জন পুরুষ।

গবেষকদের মতে, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে রক্তস্বল্পতা প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ নেওয়ার সময় নারী-পুরুষের মধ্যে বিদ্যমান ঝুঁকির পার্থক্যকে গুরুত্ব দিতে হবে।

কেন বাড়ছে নারীদের ঝুঁকি

নারীদের রক্তস্বল্পতার পেছনে শুধু খাবারের ঘাটতি নয়, বরং জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে পুষ্টির বাড়তি চাহিদা এবং স্বাস্থ্যসচেতনতার অভাবও ভূমিকা রাখছে। মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, গর্ভাবস্থা ও সন্তান জন্মদানের সময় শরীরে আয়রনসহ বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায়। কিন্তু প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার গ্রহণ না করায় অনেক নারী রক্তস্বল্পতায় আক্রান্ত হন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মাহবুবা জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের নারীদের রক্তস্বল্পতার অন্যতম কারণ অপুষ্টি, বাল্যবিয়ে ও অল্প বয়সে মাতৃত্ব। কম বয়সে বিয়ে ও গর্ভধারণের কারণে শরীরে পুষ্টির চাহিদা বেড়ে যায়। কিন্তু সেই চাহিদা অনুযায়ী আয়রন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার না পাওয়ায় রক্তস্বল্পতার ঝুঁকি তৈরি হয়।

তিনি বলেন, পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতার অভাবও এ সমস্যাকে বাড়িয়ে তুলছে। কোন খাবারে কী ধরনের পুষ্টি উপাদান রয়েছে, তা জেনে খাদ্যতালিকা তৈরি করা গেলে রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়তা পাওয়া সম্ভব।

ডা. মাহবুবা জামিলের মতে, পুষ্টিকর খাবার মানেই দামি ফলমূল বা ব্যয়বহুল খাদ্যসামগ্রী নয়। মাছ, মাংস, ডিমের পাশাপাশি স্থানীয়ভাবে পাওয়া যায় এমন শাকসবজি, পেঁপে ও কলার মতো খাবারও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। বাড়ির আঙিনা বা আশপাশের জায়গায় শাকসবজি চাষের মাধ্যমেও পুষ্টির চাহিদা পূরণে কিছুটা ভূমিকা রাখা সম্ভব।

নারীদের নিজেদের খাবারের প্রতিও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনেক পরিবারে ভালো খাবার সন্তান, স্বামী কিংবা পরিবারের অন্য সদস্যদের জন্য রাখা হলেও নারীরা নিজেরা প্রয়োজনীয় খাবার গ্রহণ করেন না। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

তবে গবেষণায় পাওয়া রক্তস্বল্পতার হার দেশের সব অঞ্চলের নারীর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয় বলে সতর্ক করেন এই বিশেষজ্ঞ। তাঁর মতে, দীর্ঘমেয়াদি রোগ, সংক্রমণ কিংবা বংশগত কারণেও রক্তস্বল্পতা হতে পারে। তাই প্রত্যেকের ক্ষেত্রে এর কারণ আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

খাবারে বৈষম্য ও স্বাস্থ্য অবহেলা

নারীদের রক্তস্বল্পতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবারের মধ্যে খাবার গ্রহণের বৈষম্য এবং নিজের স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা।

প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যে পুষ্টিকর খাবার ও নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। পরিবারের অন্য সদস্যদের খাবারের বিষয়ে তাঁরা যতটা গুরুত্ব দেন, নিজের ক্ষেত্রে ততটা দেন না। অনেক মা সন্তান, স্বামী কিংবা পরিবারের অন্যদের ভালো খাবার দিতে গিয়ে নিজেদের প্রয়োজনের কথা ভুলে যান।

তিনি বলেন, নারীরা অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসকের পরামর্শ নিতে চান না। বিশেষ করে কৈশোরে মাসিকসংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিলে লজ্জা বা সংকোচের কারণে অনেকে তা গোপন করেন। সময়মতো চিকিৎসা না নেওয়ায় পরবর্তী সময়ে নানা শারীরিক জটিলতা তৈরি হতে পারে।

পরিবারের মধ্যেও ছেলে ও মেয়ের খাবার গ্রহণে বৈষম্য দেখা যায় বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। একই পরিবারে ছেলে ও মেয়ে থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে ছেলেকে তুলনামূলক ভালো খাবার দেওয়া হয়, মেয়ের পুষ্টির বিষয়টি উপেক্ষিত থাকে। এ ধরনের বৈষম্য বন্ধ করা জরুরি।

ডা. আবদুল্লাহর মতে, রক্তস্বল্পতা প্রতিরোধে নারী ও কিশোরীদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও সচেতন হতে হবে। মাছ, মাংস, ডিম, ডাল, শাকসবজি ও আয়রনসমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখতে হবে। পাশাপাশি আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি-যুক্ত ফল গ্রহণ করলে শরীরে আয়রন শোষণে সহায়তা করে।

কিশোরীদের পুষ্টি ও প্রজননস্বাস্থ্য নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, বাল্যবিয়ে প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব এবং এক সন্তান জন্মের পর পরবর্তী সন্তান নেওয়ার আগে পর্যাপ্ত বিরতি নিশ্চিত করা প্রয়োজন। এতে মায়ের শরীর আগের ধকল কাটিয়ে ওঠার সুযোগ পায়।

এ ছাড়া গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকর্মী ও ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবার মাধ্যমে নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মাঝারি ও তীব্র রক্তস্বল্পতায় আক্রান্ত নারীদের দ্রুত উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও জরুরি।

সব রক্তস্বল্পতার কারণ আয়রনের ঘাটতি নয়

রক্তস্বল্পতা বলতে সাধারণত রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়াকে বোঝায়। শরীরে আয়রনের ঘাটতি এর অন্যতম পরিচিত কারণ হলেও সব ক্ষেত্রে একই কারণ কাজ করে না।

আয়রনের পাশাপাশি ভিটামিন বি১২-এর ঘাটতি, দীর্ঘস্থায়ী প্রদাহ, বিভিন্ন সংক্রমণ এবং বংশগত রক্তরোগ থেকেও রক্তস্বল্পতা দেখা দিতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদি কিছু রোগও এর কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রক্তস্বল্পতা হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট গ্রহণ করা উচিত নয়। প্রথমে রক্তস্বল্পতার প্রকৃত কারণ নির্ণয় করা জরুরি। এ জন্য হিমোগ্লোবিন ও ফেরিটিনসহ প্রয়োজনীয় পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

নারীদের মধ্যে রক্তস্বল্পতার তুলনামূলক বেশি হার এবং রোগের তীব্রতার পার্থক্য জনস্বাস্থ্য পরিকল্পনায় নারী ও কিশোরীদের পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং সচেতনতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।