Image description

সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী নাস্তিক ব্লগার আসাদ নূরকে বিয়ে করেছেন, সামাজিক মাধ্যমে এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। মূলত সামাজিক মাধ্যমে আসাদ নূরের পোস্ট আর গায়িকা পারশার পোস্ট মিলিয়ে নেটিজেনরা এই তথ্য ছড়াচ্ছেন।

তবে আগামীর সময়কে ব্লগার আসাদ নূরের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত মাসে সোলস ব্যান্ডের একটি কনসার্ট ছিল কানাডায়। সেই আয়োজনে সোলস ব্যান্ডের সঙ্গে পারশাকে কানাডায় নেওয়ার জন্য ভিসার চেষ্টা করেছিলেন আসাদ নূর। তবে সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল না হলেও তারা আপাতত ভারতে রয়েছেন।

বাংলাদেশে আসাদ নূরের ব্লগের জের ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একাধিক মামলা (ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্যপ্রযুক্তি আইনে) দায়ের হওয়ার পর ২০১৯ সাল থেকে তিনি দেশত্যাগ করেন এবং বর্তমানে দেশের বাইরে (কানাডা বা অন্যান্য স্থানে) বসবাস করছেন। তিনি বিভিন্ন সময়ে কানাডার সামাজিক বা সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা অনলাইন প্রচারে যুক্ত রয়েছেন।

বিয়ের খবর প্রকাশ্যে আনলেও স্বামীর পরিচয় এখনো গোপন রেখেছেন। বিয়ের ছবি প্রকাশের সময় স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রাখেন। তবে তাঁর স্বামীর পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা ও জল্পনা। বিয়ের বিষয়ে পারশা কিংবা আসাদ নূর কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

 

এদিকে, পারশার বিয়ের খবর প্রকাশ্যে আসে গত ২৭ অক্টোবর। এর আগের দিন, ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের আক্‌দ সম্পন্ন হয়েছে বলে জানান এই সংগীতশিল্পী। বিয়ের ছবি প্রকাশ করে স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রাখেন তিনি। একই সঙ্গে স্বামীর পরিচয় জানতে চেয়ে তাঁকে কিংবা তাঁর পরিবারকে বিব্রত না করার অনুরোধ জানান।

৭ নভেম্বর রাতে ফেসবুকে স্বামীর সঙ্গে আরেকটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে তার পরনে ছিল শাড়ি, তবে স্বামীর মুখ পদ্মফুল দিয়ে ঢেকে রাখেন তিনি। পারশার এই পোস্টের পর আসাদ নূরের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের দাবি, আসাদ নূর গত ২১ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঞ্জাবি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন। ওই ছবিতে তাঁর পাশে একটি লাল শাড়ির আঁচল দেখা যায়। অন্যদিকে, ৭ নভেম্বর পারশার প্রকাশ করা ছবিতে তাঁর পরনের শাড়ির আঁচলের সঙ্গে আগের ছবিতে দেখা লাল আঁচলের মিল রয়েছে বলে দাবি করছেন অনেকে।

শুধু শাড়ির আঁচল নয়, দুই ছবিতে পুরুষের পোশাকেও মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তাদের পর্যবেক্ষণ, আসাদ নূরের ২১ অক্টোবরের ছবিতে তাঁর পরনে যে পাঞ্জাবি ছিল, পারশার স্বামীর পরনের পাঞ্জাবির সঙ্গেও সেটির মিল রয়েছে। এসব মিলকে সম্ভাব্য সূত্র হিসেবে দেখছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।

এ ছাড়া আসাদ নূর ও পারশা দুজনই ইনস্টাগ্রামে একে অন্যকে অনুসরণ করেন এবং তাঁদের বিভিন্ন ছবির পটভূমি নিয়েও আলোচনা হচ্ছে। নেটিজেনদের কেউ কেউ আসাদ নূরের একটি ছবির পেছনের দৃশ্যের সঙ্গে পারশার বিয়ের দিনের ছবির পটভূমির মিল পাওয়ার দাবি করেছেন। দুজনের কলকাতায় অবস্থানের বিষয়টিও আলোচনায় এসেছে।

আরেকটি বিষয় নিয়েও চর্চা চলছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের দাবি, গত মে মাসে আসাদ নূর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পারশার চোখের মতো দেখতে একটি ছবি প্রকাশ করেছিলেন। তবে ছবিটি বর্তমানে আর দেখা যাচ্ছে না। সেটি আসলেই পারশার চোখের ছবি ছিল কি না, কিংবা পরে সরিয়ে ফেলা হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পোশাক, শাড়ির আঁচল, ছবির পটভূমি এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয় সামনে এনে নেটিজেনদের একাংশ আসাদ নূরকেই পারশার স্বামী বলে ধারণা করছেন। কেউ কেউ এ দাবির পক্ষে একাধিক সূত্রের কথা উল্লেখ করে প্রায় নিশ্চিত হওয়ার কথাও বলছেন।

এদিকে, আসাদ নূরের পরিচিত মহলে গুঞ্জন রয়েছে, তিনি একজন সংগীতশিল্পীর সঙ্গে প্রেম করছেন। তবে সেই সংগীতশিল্পী কে, তা তারা জানতেন না।