Image description

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও অভিনেতার আত্মীয় জেইন মেরি। শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছিলেন তারা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

 

আটকের পর তাদের একটি পুলিশ ভ্যানে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান তিনজন। লেখা অভিযোগ করেন, মুক্তির পর বাড়ি ফেরার জন্য ক্যাব পেতেও সমস্যায় পড়েন তারা। পুলিশ চালকদের ভয় দেখাচ্ছিল বলেও দাবি করেন তিনি।

 

জেইন মেরির দাবি, তাদের কেন আটক করা হয়েছে, তা জানতে চাইলেও পুলিশ স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। অন্যদিকে, ইমরান জানান, কয়েক ঘণ্টা পুলিশ ভ্যানে ঘোরানো হলেও আটকের কারণ তাদের জানানো হয়নি।

 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। তবে মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েতের জন্য অনুমতি নেওয়া হয়নি। যদিও সিজেপি কর্মীদের দাবি, তারা ই-মেইলে অনুমতি চাইলেও কোনো জবাব পাননি।

 

সূত্র: এনডিটিভি