Image description

বাংলাদেশে বিদেশি শিল্পীদের নিয়ে বড় আয়োজনের সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁদের আনতে বিপুল অর্থ ব্যয় করার পাশাপাশি দেওয়া হয় নানা সুযোগ-সুবিধা। অথচ দেশের মেধাবী শিল্পীদের অনেকেই পর্যাপ্ত শো না পেয়ে হতাশ ও নিরুৎসাহিত হচ্ছেন। বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজকদের এমন আগ্রহের বিপরীতে দেশি শিল্পীদের প্রতি উদাসীনতার অভিযোগও দীর্ঘদিনের। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক গিটারিস্ট অনি হাসান।

সম্প্রতি পাকিস্তান ও ভারতের কয়েকজন শিল্পী ও ব্যান্ডকে বড় অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছিলেন বিভিন্ন আয়োজক। এর মধ্যে কোনো কোনো অনুষ্ঠান হয়েছে, আবার কোনোটি শেষ পর্যন্ত হয়নি। আজ ও আগামীকালও দেশের একাধিক আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তানের কয়েকজন শিল্পী ও ব্যান্ডকে নিয়ে কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। শেষ মুহূর্তে সেসব আয়োজন স্থগিত হয়েছে। এসব অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদেরও পরিবেশনার কথা ছিল।

ঢাকার একটি কনসার্টে আতিফ আসলাম
ঢাকার একটি কনসার্টে আতিফ আসলামছবি: আয়োজকদের সৌজন্যে

বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজকদের এমন আগ্রহ এবং একই সময়ে দেশের শিল্পীদের পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন অনি হাসান। তাঁর প্রশ্ন, বিদেশি শিল্পীদের আনতে কোটি কোটি টাকা ব্যয় করা সম্ভব হলেও সেই অর্থ দিয়ে দেশের শিল্পীদের নিয়ে বড় আয়োজন বা মানসম্মত প্রযোজনা করা হচ্ছে না কেন।

অনি লিখেছেন, ‘আয়োজকেরা কোটি কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পীদের আনতে পারেন। অথচ দেশের মেধাবী শিল্পীরা পর্যাপ্ত শো না পেয়ে ধীরে ধীরে হতাশ ও নিরুৎসাহিত হয়ে পড়ছেন। বাইরের শিল্পীদের এভাবে প্রচার ও সুযোগ দেওয়ায় আমাদের দেশের লাভটা কী?’

অনুপম রায়
অনুপম রায়ছবি: ফেসবুক

দেশের শিল্পীদের নিয়ে বড় পরিসরে আয়োজন করার পরামর্শ দিয়ে অনি আরও লিখেছেন, ‘আমরা কি সেই অর্থ দেশের শিল্পীদের নিয়ে ভালো কিছু প্রযোজনা, বড় কনসার্ট কিংবা মানসম্মত আয়োজন করতে বিনিয়োগ করতে পারি না? এতে যেমন দেশের শিল্পীরা আরও বড় পরিসরে কাজের সুযোগ পাবেন, তেমনি দেশের সংগীতাঙ্গনও আরও সমৃদ্ধ হবে।’

অনি হাসান
অনি হাসানছবি: ফেসবুক থেকে

অনি হাসানের সংগীতজীবনের শুরু গিটারিস্ট হিসেবে। মাত্র ১৮ বছর বয়সে সংগীতে যাত্রা শুরু করেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ভাইব ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন। পরে ভাইব ভেঙে গেলে যোগ দেন ওয়ারফেজে। উচ্চশিক্ষার জন্য ২০১১ সালে বাংলাদেশ ছাড়েন অনি। বর্তমানে চীনে বসবাস করছেন তিনি। সেখানেই বিয়ে করে থিতু হয়েছেন। প্রায় এক যুগ আগে ওয়ারফেজের সঙ্গে শেষবার ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অনিকে।