কোর্টরুম ড্রামা ঘরানার আলোচিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমাটিতে এক তরুণ ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের জন্য গত বছর যুক্ত হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে আর থাকছেন না এই অভিনেত্রী।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের টানাপোড়েন উঠে আসবে সিনেমাটির গল্পে। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান।
‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ অনেকে। সিনেমাটিতে নুসরাত ফারিয়ার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল।
নির্মাতা এর আগে জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে গত রোজার ঈদে মুক্তির পরিকল্পনা ছিল। তবে তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে সিনেমাটির কাজ থেমে যায়।
এদিকে নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নুসরাত ফারিয়া। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং ও অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। দীর্ঘ বিরতির পর নিয়মিতভাবে ক্যামেরার সামনে ফিরেছেন তিনি।
এ ছাড়া সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘লজ্জা’য় যুক্ত হয়েছেন ফারিয়া। এতে আজমেরী হক বাঁধনও অভিনয় করবেন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।