Image description
নতুন আইফোন হাতে, অথচ শরীরজুড়ে ব্যান্ডেজ। ছবিটি দেখে প্রথমে যে কারও মনে হতে পারে, বড়সড় কোনো কাণ্ড ঘটেছে অভিনেতা কুশাল টন্ডনের সঙ্গে। কিন্তু ছবির পেছনের গল্প শুনলে বরং হাসিই পাবে। আইফোন কিনতে গিয়ে নাকি কিডনিই বিক্রি করতে হয়েছে তাকে।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) সমাজমাধ্যমে নিজের এমনই একটি ছবি প্রকাশ করেন কুশাল। ছবিতে তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ বাঁধা, আর হাতে নতুন সংস্করণের আইফোন। ছবির সঙ্গে অভিনেতার রসিক মন্তব্য, “তাৎক্ষণিক ভাবে টাকা জোগাড় করতে আমাকে এটাই করতে হল।”
 
কুশালের কথাতেই পরিষ্কার, সত্যি সত্যি কিডনি বিক্রি করার কোনো ঘটনা ঘটেনি। নতুন আইফোনের চড়া দাম নিয়ে মজা করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। অর্থাৎ ফোনটি কিনতে গিয়ে তার অবস্থা এমন হয়েছে মনে হচ্ছে কিডনি বেচে টাকা জোগাড় করা ছাড়া আর কোনো পথ ছিল না।
 
ছবিটি প্রকাশের পরই কুশালের বন্ধু ও অনুরাগীদের মধ্যে শুরু হয় মজা। কোরিয়োগ্রাফ জায়েদ দরবার মন্তব্য করেন, “দুটো কিডনিই কি বিক্রি করে দিয়েছ, না কি একটা এখনও বাকি?”
 
অনুরাগীরাও পিছিয়ে থাকেননি। কেউ মজা করে জানতে চেয়েছেন, এমন সব ভাবনা কুশালের মাথায় আসে কীভাবে। আবার কেউ তার ব্যান্ডেজ আর আইফোন হাতে ছবি দেখে রীতিমতো চমকে যাওয়ার কথা জানিয়েছেন।
 
তবে কুশাল সত্যিই নতুন আইফোন কিনেছেন কি না, তা নিশ্চিত নয়। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কি না, সেটিও স্পষ্ট নয়। তাই আপাতত ‘কিডনি বিক্রি’ নয়, পুরো ঘটনাটাকেই অভিনেতার নতুন রসিকতা হিসেবেই দেখছেন অনুরাগীরা।