বিনোদন অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেছেন, ‘এখন তো মনে হচ্ছে হিরো আলমই ভালো ছিল।’ শিল্প ও বিনোদন অঙ্গনকে এগিয়ে নিতে মূলধারার কাজের মান আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘এখন তো মনে হচ্ছে হিরো আলমই ভালো ছিল। যাই হোক বাঁচার একটাই পথ । শিল্পের মেইন স্ট্রিম কাজগুলোকে উচ্চ থেকে উচ্চতর উচ্চতায় নিয়ে যাওয়া। এবং প্রযোজকদের কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ভালো ভালো নির্মাতাদের বড় বড় বাজেট এবং প্রশিক্ষণ দিয়ে ইন্ডাস্ট্রিকে এমন জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া যেখানে পৌঁছে গেলে এদের এই ঘরোয়া বিনোদন দেখে আমাদের কৃষ্টি কালচার এবং বিনোদন শিল্পের পরিচয় বিকৃত চোখে দেখার সুযোগ কারো আর থাকবে না।’
তিনি আরও বলেন, ‘পর্যটন এবং কালচার যে দেশে পরিচর্যা করে বিকশিত করা হয় না। সেই দেশ কখনোই সজীব এবং জীবন্ত হয়না। শুধু বিশ্বের মানচিত্রে নিথর এক ড্রইং হয়েই পড়ে থাকে। আরেকটি কথা মূল শিল্পীরা যুদ্ধে লিপ্ত থাকলে অশিল্পীরা শূন্যস্থান পূরণ করে নেয়। প্রথমে সাময়িকভাবে নেয় । তারপর স্থায়ীভাবে।’
পোস্টে রুমি করিমের একটি ছবি শেয়ার করে জয় লেখেন, ‘বিশেষ দ্রষ্টব্য। ছবির ভদ্রলোক রুমি করিম একজন অত্যন্ত ভালো ইন্টেরিয়র ডিজাইনার। উনাকে ওই ক্ষেত্রে অবশ্যই সঠিক মূল্যায়ন সবার করা উচিত।’