Image description

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনের বাইরে রয়েছেন। অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বর্তমানে তিনি স্বামী-সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। অন্তরালে গিয়ে তার বিয়ে করা, সংসার পাতা এবং কোল জুড়ে সন্তান আসার খবর আগেই প্রকাশ্যে এসেছে।

তবে সম্প্রতি অভিনয়জীবন ও অতীত পথচলা নিয়ে পপির একটি পুরনো মন্তব্য নতুন করে চর্চায় উঠে এসেছে। আর সেই বক্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

আজ সোমবার অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা রয়েছে, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

পপির বক্তব্যটি কেন্দ্র করে জয় তারকাদের অভিনয় ছাড়ার পর এমন মন্তব্য করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান— তারকারা কি তাহলে ক্যারিয়ার শেষে অভিনয়কে পাপ বা গুনাহর কাজ হিসেবে গণ্য করছেন?

জয় কিছুটা ক্ষোভ ও কটাক্ষের সুরে লিখেছেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে।’

এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে জয় আরও যোগ করেন, ‘আমার প্রশ্ন, আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছু না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে? তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া কইরেন।’

শুধু অতীতের তারকাদের নয়, বর্তমানে জনপ্রিয় শিল্পীদের নিয়েও প্রশ্ন তুলেছেন জয়। তিনি লিখেছেন, ‘আর বর্তমানে যারা হিট, তারাও কি ভবিষ্যতে এরকম স্টেটমেন্ট দিবেন? বিষয়টা এমন নয় কি, পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপরে হজ করে আল্লাহর পথে চলে এলাম।’

জয়ের পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে নিজ নিজ মতামত প্রকাশ করেন, যাদের মধ্যে অভিনেতা বাপ্পারাজও ছিলেন।

বাপ্পারাজ যেন পপিকে উদ্দেশ্য করেই মন্তব্য করেছেন সেখানে। তিনি লেখেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

পূর্বে এক ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে অঝোর কান্নায় পপি বলেছিলেন, তিনি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। জীবনের বাকি দিনগুলো শান্তিতে বাঁচতে চান, ভালো থাকতে চান এবং সৃষ্টিকর্তার নাম জপেই সময় কাটাতে চান।

সেই সঙ্গে অতীত নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি জানিয়েছেন, পরিবারের তাগিদে কাজ করতে গিয়ে মানুষের কটু কথা শুনেছেন এবং যা কিছু ভুল বা পাপ করেছেন, তা ধুয়েমুছে সুন্দরভাবে বিদায় নিতে চান। একে যদি কেউ অপরাধ মনে করে, তবে তিনি নিজেকে অপরাধী হিসেবেই মেনে নিতে রাজি।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখলেও পপির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ওমর সানীর বিপরীতে ‘কুলি’। সিনেমাটি সে সময় প্রায় ৭ কোটি টাকা ব্যবসা করে আলোচনায় আসে।

ব্যবসাসফল এই সিনেমাটির মাধ্যমে আলোচনায় আসার পর একের পর এক হিট ছবি উপহার দিয়ে ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা জয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান মজবুত করেন তিনি।

তবে সেই সোনালি সময় পেরিয়ে পপি এখন লাইমলাইট থেকে পুরোপুরি দূরে অবস্থান করছেন।