সাম্প্রতিক সময়ে যত ধর্ষণ হয়েছে, তার মধ্যে ৮০ ভাগ ধর্ষণকারী ছিল মাদকাসক্ত—এমনই মন্তব্য করেছেন শাকিব খান অভিনীত তুমুল জনপ্রিয় ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের নির্মাতা হিমেল আশরাফ।
এক ফেসবুক পোস্টে ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা বলছেন, ‘রাস্তায় ছিনতাইকারীদের প্রায় সবাই মাদকাসক্ত। যেসব ড্রাইভার (বাস, বাইক, অটোরিকশা) বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে, তাদের ৯০ ভাগ মাদকাসক্ত। চুরি-ডাকাতি করা বেশির ভাগ মানুষ মাদকাসক্ত। বাংলাদেশের কিশোর গ্যাংগুলোর সদস্যদের অধিকাংশই মাদকাসক্ত। প্রতিদিন কোটি কোটি মানুষ নেশা করছে।’
এখন আর কেউ খেলাধুলা করতে চায় না, সবাই মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এসব মাদক কোথা থেকে আসছে, সে প্রশ্নও তুলেছেন নির্মাতা। হিমেল বলছেন, ‘কোথা থেকে এগুলো আসছে, কে আনছে, কোন জায়গা দিয়ে আসছে—কেউ জানে না। নাকি জানে? আমরা যখন স্কুলে পড়তাম, তখন স্কুলের মাঠে দুই টিম খেলত, আর তিন-চারটা টিম খেলার জন্য অপেক্ষা করত। এখনো মাঠ আছে, কিন্তু টিম তো দূরের কথা, মাঠে কোনো ছেলেপেলেই নেই। থাকবে কীভাবে? বেশির ভাগ ছেলেপেলে এখন আছে চিপায়। নেশা মানুষকে মানুষ রাখে না, পশুতে রূপান্তরিত করে। মানুষকে বোঝানো যায়, পশুকে না।’
অনলাইন জুয়ার কারণে একটি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে হিমেল আশরাফ বলেন, ‘মাদক আর অনলাইন জুয়ায় একটা জাতি ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছে। অনলাইন জুয়ার টাকাগুলো কিন্তু ব্যাংকিং মাধ্যমেই যাচ্ছে। তাও কোনো আলাপ নেই। মাদক আসা বন্ধ করতে হবে, অনলাইন জুয়া বন্ধ করতে হবে। তরুণদের মধ্যে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি মানবিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। নইলে এই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না।’