২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক মাধ্যমে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না।
এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়লেও মেহের আফরোজ শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করে বলেছেন— বিপুলসংখ্যক সংবাদের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ (সাসপেন্ড) করেছে। রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বান্ধবী শাওনের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধে এ কথা জানিয়েছেন তামান্না সেতু।
সামাজিক মাধ্যমে একটি পোস্টে তামান্না সেতু লিখেছেন— ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটি ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’ এ বিষয়টি তাকে মেহের আফরোজ শাওন ব্যক্তিগতভাবে জানিয়েছেন বলে জানান তামান্না সেতু।
তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেই সঙ্গে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি। আর শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি কেন অদৃশ্য হয়েছে, সেটি নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তামান্না সেতুর বক্তব্যই এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা একমাত্র দাবি।
এর আগে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
সেই অভিযোগে বলা হয়েছে— জুলাই গণ-অভ্যুত্থান এবং আন্দোলনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।