Image description

কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওপর কিছু ব্যক্তি চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন।

তবে মোশাররফ করিম বলছেন লেখার মতো কোনো ঘটনাই ঘটেনি। আগামীর সময়কে তিনি বলছেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে আসলে ব্যাপারটি তেমন না। মানে এটা নিয়ে যে লিখবনে তেমন কোনো ঘটনাই ঘটেনি।’

মঙ্গলবার দুপুরে আগামীর সময়ের সঙ্গে মোশাররফ করিমের হোয়াটস্যাপে আলাপ হয়। এ সময় তিনি বলেছেন, ‘আমরা এখানে এসেছি আমাদের বেশ কয়েকজন বন্ধু রয়েছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে ও ঘুরতে। আপনারা জানেন আমি ঘুরতে পছন্দ করি। কোনো সিনেমার শুটিংয়ে আসিনি। তিন চারদিনের মধ্যেই ঢাকায় ফিরবো।’

ছড়িয়ে যাওয়া ঘটনা একেবারে অস্বীকার না করলেও মোশাররফ করিমের ভাষ্য, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন ততটুকু এই ঘটনায় নেই, বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে ‘মোশাররফ করিম কলকাতায় হামলার স্বীকার হয়েছেন, ‘কলকাতায় তোপের মুখে পড়েছেন মোশাররফ করিম।’