Image description

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার–সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) তিনি মারা গেছেন।

কারিনার মৃত্যুর পর তার একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে নাট্যকার ও সাংবাদিক রুম্মান রশীদ খান লিখেছেন এক আবেগঘন স্মৃতি। ছবিটি তোলার পর কারিনাকে পাঠিয়েছিলেন তিনি। ছবি দেখে উচ্ছ্বসিত কারিনা রসিকতা করে বলেছিলেন, ‘ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন!’

মারা যাওয়ার পর যে ছবিটা দিতে বলেছিলেন কারিনা
 

কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার লিখেছেন, ‘তুমি মোমবাতিতে ভরা একটা ঘরে ঝাড়বাতি ছিলে, কারিনা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।’

কারিনার ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর ডানা লিখেছেন, ‘এমন একটি দিনও মনে পড়ে না, যেদিন আমাদের কথা হয়নি। কে আপন আর কে পর—সেই হিসাব না করেই সে পৃথিবীর সবাইকে আগলে রাখত।’

কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই কারিনার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। নির্মাতা রেদোয়ান রনি স্মৃতিকাতর হয়ে লিখেছেন, ‘জটিল জীবনকে কীভাবে হাসিখুশি দিয়ে সহজ করে ফেলা যায়, সেই তালিম নিতাম আমি ওর কাছ থেকে।’

সংগীতশিল্পী তাশরিফ খান লিখেছেন, ‘কাছের মানুষদের যত্ন নিয়েন। কার সাথে কার কখন শেষ দেখা হয় কেউ বলতে পারবে না!’

পারিবারিক সূত্রে জানা যায়, শুরুতে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।