Image description

রাজনৈতিক জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

মঙ্গলবার (৫ মে) নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে তিনি অনুরোধ জানিয়েছেন, তার সঙ্গে যেন কোনো রাজনৈতিক রং না জড়ানো হয়।

 

নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে অভিনেতা জানান, বহু বছর ধরে সম্মানের সঙ্গে অভিনয় করে আসছেন এবং আগামীদিনেও একইভাবে কাজ চালিয়ে যেতে চান। এই প্রেক্ষিতে সবার উদ্দেশে তার বিনীত আবেদন— ‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।’

 

সাম্প্রতিক কিছু ঘটনার জেরে তাকে ঘিরে তৈরি হওয়া জল্পনা নিয়েও মুখ খুলেছেন তিনি। প্রসেনজিৎ স্পষ্ট করে জানান, তিনি কাউকে ফোন করেননি, বরং তার ছোট ভাই তাকে ফোন করেছিলেন। বড় দাদা হিসেবে আশীর্বাদ করা তার কর্তব্য, এবং তিনি কেবল সেই দায়িত্বই পালন করেছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।

 
 

 

অভিনেতার এই পোস্ট সামনে আসার পর তা নিয়ে ইতোমধ্যেই নেটমাধ্যমে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ অভিনয় জীবনে নিজেকে কেবল একজন শিল্পী হিসেবেই তুলে ধরতে চাওয়ার বার্তাই দিয়েছেন প্রসেনজিৎ।

 

এদিকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর ফলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।