বলিউডের প্রবীণ অভিনেত্রী আর্চনা পুরান সিং। দাপটের সঙ্গে গত চার দশক ধরে বলিউডসহ ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সঙ্গে যুক্ত আছেন তিনি। যার কারণে অনেক বড় বড় প্রজেক্ট হাত ছাড়া হয়ে গেছে এই অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান আর্চনা।
নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্চনা বলেন, “কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ করার কারণে আমি এখন আর সিনেমার অফার পাচ্ছি না। অনেক নির্মাতা আমার সঙ্গে কাজ করতে চান না। বরং এই শোর কারণে আমাকেই বেশ কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে।”
তিনি আরও বলেন, ‘একটি বড় প্রজেক্টের জন্য স্কটল্যান্ডে ২৫ দিনের শুটিংয়ের সুযোগ পেয়েছিলাম। কিন্তু শোর ব্যস্ত সময়সূচির কারণে সে প্রস্তাবটি গ্রহণ করতে পারিনি। যখন কপিলের শো টেলিভিশনে প্রচারিত হতো, তখন একসঙ্গে অনেক অ্যাপিসোড শুট করা হতো, ফলে সারা বছরই ব্যস্ত থাকতে হতো। যদিও এখন ওটিটি প্ল্যাটফর্মে আসার পর কিছুটা পরিবর্তন এসেছে।’
আর্চনার মতে, ধীরে ধীরে নির্মাতারা তাকে নিয়ে কাজ করার আগ্রহ হারিয়েছেন। যা নিয়ে তিনি বলেন, ‘৪৪ বছর কাজ করার পরও মনে হচ্ছে কেউ আমাকে একজন অভিনেত্রী হিসেবে গুরুত্ব দিচ্ছে না বা বড় কোনো চরিত্রের প্রস্তাব দিচ্ছে না।’ এভাবেই নিজের কষ্টের কথা তুলে ধরেন তিনি।
এদিকে কাজের অভাব নিয়ে আক্ষেপ করলেও তার সাম্প্রতিক ছবি ‘টোস্টার’ ইতোমধ্যেই ব্যাপক আলোচনায় এসেছে। রাজকুমার রাও ও সানিয়া মালহোত্রা অভিনীত এই ছবিতে আর্চনার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে এবং প্রশংসা কুড়িয়েছে। ছবিটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।