Image description

শিশুশিল্পী হয়ে শোবিজে পা রাখেন পূজা চেরি। এরপর হয়েছেন চিত্রনায়িকা। আর তার ‘চিত্রনায়িকা’ তকমা যুক্ত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এরপর একে একে দর্শকদের উপহার দেন অনেক সুপারহিট সিনেমা।

 

ক্যারিয়ারে পূজা চেরি কাজ করেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গেও। এক সময় ঢালিউডে জোর গুঞ্জন উঠেছিল শাকিব খানের প্রেমে পড়েছেন অভিনেত্রী অভিনেত্রী পূজা চেরি। সেই গুঞ্জন এতটাই ছড়িয়ে পড়েছিল যে, তাদের দ্বিতীয় ছবি ‘মায়া’ থেকে সরে দাঁড়ান পূজা—এমন কথাও শোনা গিয়েছিল চলচ্চিত্র অঙ্গনে।

 

গুঞ্জন নিয়ে তখন পূজা চেরি একদমই মুখ খুলেননি। কাজ করে গিয়েছেন নিজের মতো করেই। সম্প্রতি নায়িকার প্রেমের সম্পর্ক ফের আলোচনায় এসেছে একটি পডকাস্ট শোয়ের মাধ্যমে। পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানালেন, তিনি এখন আর সিঙ্গেল নন, বরং ‘এনগেজড’। একইসঙ্গে নিজের ভবিষ্যৎ সংসার জীবন নিয়ে আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা।

 

সেই পডকাস্টে পূজা চেরি বলেন, আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিঙ্গেল, কিন্তু আসলে আমি সিঙ্গেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।

 
 

 

তার হবু জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন উল্লেখ করে পূজা বলেন, তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।

 

পূজা তার ব্যক্তিজীবনে সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসার জীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা, এখানে আমার ও আমার মায়ের অনেক স্ট্রাগল আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত।

 

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে পূজা জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন এবং সেটি সবাইকে জানিয়েই করবেন। তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবের উল্লেখ করে তিনি বলেন, আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে আমার যা করতে ইচ্ছে করবে আমি যেন সেটাই করি।