অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমে বরাবরই সোচ্চার ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে তিনি আবারও বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন তার যুদ্ধবিরোধী মনোভাব।
এবার পুরস্কার মঞ্চেই গত রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে গিয়ে তিনি বলে ওঠেন, ‘যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।’ তার এ বক্তব্যের পরপরই অডিটোরিয়ামে উপস্থিত দর্শকরা জোরালো করতালির মাধ্যমে তার সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় মঞ্চে স্প্যানিশ তারকার সঙ্গে ছিলেন বলিউড ও হলিউড তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
এর আগে অস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন হাভিয়ের বারদেমে। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে যুদ্ধবিরোধী বিশেষ ব্যাচ লাগানো পোশাকে পরেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন তার উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেন।
হাভিয়ের বারদেমের যুদ্ধবিরোধী মন্তব্যের মধ্য দিয়ে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বিশ্বজুড়ে চলা বিতর্ক আবারও সামনে এসেছে। সেই প্রেক্ষাপটেই অস্কারের মঞ্চে বারদেমের মন্তব্য অনেকের নজর কেড়েছে।
৯৮তম অস্কারের এই আসরে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ ছাড়া রায়াইন কুগলারের ‘সিনার্স’ চারটি এবং গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি বিভাগে অস্কার জয় করেছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।