Image description

রংপুরের বদরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে উপজেলা হেডকোয়ার্টার থেকে হাসপাতাল রোডের মরা তিস্তা নদীর ওপর নির্মিত ৪০.১০ মিটার গার্ডার ব্রিজের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্রিজটির উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

 

উদ্বোধন অনুষ্ঠানে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

বদরগঞ্জে মরা তিস্তা নদীর ওপর ৪০.১০ মিটার গার্ডার ব্রিজের উদ্বোধন হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। ব্রিজটি চালু হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ভোগান্তি দূর হবে বলে আশা করা হচ্ছে।

 

দীর্ঘদিন ধরে এ পথে চলাচলকারী মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে রোগী ও শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি আরও বেড়ে যেত। নতুন ব্রিজটি নির্মাণের ফলে উপজেলা হেডকোয়ার্টার থেকে হাসপাতাল রোডে যাতায়াত সহজ হবে।

 

এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। হাসপাতালে রোগী নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও সময় ও ভোগান্তি কমবে। ব্রিজটি এলাকার মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

ব্রিজ নির্মাণ ও উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। নতুন এই সেতু বদরগঞ্জের যোগাযোগব্যবস্থা ও স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী।