Image description

দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় গভীর সংকটে দেশের বীমা খাত। পলিসির মেয়াদ শেষ হলেও গ্রাহকদের পাওনা পরিশোধ করছে না অনেক কোম্পানি। দুর্ঘটনা কিংবা অন্য কারণে বীমা দাবি উত্থাপনের পরও মিলছে না অর্থ। ফলে ক্রমেই কমছে এ খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা।

সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের ৮২টি বীমা কোম্পানির কাছে গ্রাহকদের অপরিশোধিত পাওনার পরিমাণ ৮,১০৯ কোটি টাকা। দীর্ঘদিনের এই সংকট নিরসনে এবার কঠোর অবস্থান নিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কয়েকটি সমস্যাগ্রস্ত কোম্পানির সম্পদ বিক্রি করে গ্রাহকদের দাবি পরিশোধ শুরু হয়েছে। পাশাপাশি আর্থিক সক্ষমতাহীন ও অকার্যকর কোম্পানি বন্ধেরও চিন্তা করছে সংস্থাটি।

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত দাবিসংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে দেশের ৮২টি বীমা কোম্পানির কাছে গ্রাহকদের মোট বীমা দাবি ছিল ১০ হাজার ৭৪১ কোটি টাকা। এর মধ্যে ২,৬৩১ কোটি টাকার দাবি পরিশোধ করেছে কোম্পানিগুলো। অপরিশোধিত রয়েছে ৮,১০৯ কোটি টাকা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৬টি সাধারণ বীমা কোম্পানির কাছে গ্রাহকদের মোট দাবি ছিল ৩,৯৬৭ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে পরিশোধ করা হয়েছে মাত্র ৫১৯ কোটি ৩২ লাখ টাকা। ফলে

জুন শেষে অপরিশোধিত দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪৪৮ কোটি ৪৩ লাখ টাকা। অন্যদিকে, ৩৬টি জীবন বীমা কোম্পানির কাছে গ্রাহকদের দাবি ছিল ৬,৭৭৩ কোটি টাকা। এর মধ্যে ২,১১২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ৪,৬৬০ কোটি টাকা এখনো অনিষ্পন্ন রয়েছে।

বাড়ছে গ্রাহকদের ক্ষোভ

গ্রাহকদের অভিযোগ, বীমা পলিসি খোলার সময় কোম্পানির এজেন্টরা বাড়ি বাড়ি গিয়ে নানা লোভনীয় সুবিধা, উচ্চ মুনাফা ও শতভাগ নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। কিন্তু পলিসির মেয়াদ শেষ হওয়ার পর কিংবা দুর্ঘটনাজনিত কারণে দাবি উত্থাপন করলে শুরু হয় ভোগান্তি। দিনের পর দিন, মাসের পর মাস কোম্পানির আঞ্চলিক ও প্রধান কার্যালয়ে ঘুরেও টাকা পাচ্ছেন না অনেকে।

জীবনভর কষ্ট করে জমানো অর্থ ফেরত না পেয়ে অনেক পরিবার চিকিৎসা, সন্তানের পড়াশোনা কিংবা মেয়ের বিয়ের মতো জরুরি খরচ মেটাতে পারছে না। এতে মাঠপর্যায়ে গ্রাহকদের ক্ষোভ ও অসন্তোষ দিন দিন বাড়ছে। পুরো বীমা খাতের ভাবমর্যাদাও পড়ছে প্রশ্নের মুখে।

বীমা আইন, ২০১০ অনুযায়ী, বীমা দাবির আবেদন পাওয়ার ৯০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ বিধান মানছে না অধিকাংশ বীমা কোম্পানি। বাস্তবে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর পার হলেও গ্রাহকদের দাবি পরিশোধ করা হচ্ছে না।

আইডিআরএর তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সাধারণ বীমা খাতের ৪৬টি কোম্পানি মোট দাবির মাত্র ১৩.০৯ শতাংশ নিষ্পত্তি করেছে। বাকি ৮৬.৯১ শতাংশ দাবি অনিষ্পন্ন রয়েছে। এসব কোম্পানির অধিকাংশেরই দাবি নিষ্পত্তির হার ৫০ শতাংশের নিচে। কয়েকটি কোম্পানির ক্ষেত্রে এ হার ১০ শতাংশেরও কম।

অন্যদিকে, দেশের ৩৬টি জীবন বীমা কোম্পানির কাছে গ্রাহকদের অপরিশোধিত দাবির পরিমাণ ৪,৬৬০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বীমা দাবি অপরিশোধিত রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ, পদ্মা লাইফ ও সানফ্লাওয়ার লাইফে। বীমা খাতে এসব অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে গ্রাহকদের আস্থা তলানিতে ঠেকেছে।

বিশেষজ্ঞদের মতে, মূলত অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের কারণে কিছু কোম্পানি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। দফায় দফায় পরিচালনা পর্ষদ পরিবর্তন করেও পরিস্থিতির উন্নতি হয়নি। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশে বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এসব প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তি বর্তমানে কারাগারেও রয়েছেন।

এসব কোম্পানিতে প্রশাসক নিয়োগ দিয়েও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, প্রশাসকদের কাজে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অসহযোগিতা ছিল।

আইডিআরএর কঠোর অবস্থান

এমন পরিস্থিতিতে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন গ্রাহকদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন। কয়েকটি সমস্যাগ্রস্ত কোম্পানিকে সম্পদ বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধে বাধ্য করার উদ্যোগ নিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

জানা গেছে, দায়িত্ব নেওয়ার পরই গ্রাহকদের দাবি পরিশোধে বীমা কোম্পানিগুলোকে কঠোর বার্তা দেন আইডিআরএর চেয়ারম্যান। যেসব কোম্পানি নিজস্ব অর্থায়নে গ্রাহকদের পাওনা পরিশোধ করতে পারছে না, তাদের সম্পদ বিক্রি করে অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। আইডিআরএর মাধ্যমে সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির মোট ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ছয় লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যেসব বীমা কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধ করতে পারবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এ বিষয়ে সংসদে বিল আনা হবে এবং আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আইডিআরএ বলছে, বীমা খাতে দীর্ঘদিনের অনাস্থা কাটিয়ে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে দাবি পরিশোধের এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈধ দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার তদারকিতে কোম্পানিগুলোর জবাবদিহি ও দায়িত্বশীলতা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অকার্যকর কোম্পানি বন্ধের হুঁশিয়ারি

আর্থিক সক্ষমতা হারানো এবং কার্যক্রম কার্যত অচল হয়ে পড়া বীমা কোম্পানিগুলো বন্ধ করে দেওয়ার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইডিআরএর চেয়ারম্যান। তিনি বলেন, দেশে বর্তমানে ৮২টি বীমা কোম্পানি রয়েছে। তবে সব কোম্পানির আর্থিক সক্ষমতা ও ব্যবসা পরিচালনার অবস্থা এক নয়। যেসব কোম্পানির সলভেন্সি বা প্রকৃত দায় পরিশোধের সক্ষমতা নেই এবং কোনোভাবে টিকে থেকে ব্যবসা পরিচালনা করছে, তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত নয়।

তিনি বলেন, প্রয়োজনে এসব কোম্পানির ব্যবসার পরিধি কমিয়ে দেওয়া হবে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জীবনবীমা ও সাধারণ বীমা উভয় খাতের অকার্যকর কোম্পানি বন্ধ করে দেওয়া হতে পারে। শুধু কাগজে-কলমে সক্ষমতা দেখালেই হবে না, আন্তর্জাতিক মানদণ্ডে অ্যাকচ্যুয়ারিয়াল মূল্যায়নের মাধ্যমে কোম্পানিগুলোর প্রকৃত আর্থিক সক্ষমতা যাচাই করা হবে।

বীমা আইন যুগোপযোগী করার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ২০১০ সালের বীমা আইন বর্তমান বাস্তবতার তুলনায় অনেক পুরোনো। তাই আইনে উল্লেখযোগ্য পরিবর্তন এনে এর প্রয়োগ শক্তিশালী করা হচ্ছে। খাতটির সংস্কারে অর্থনীতিতে বিমার অবদান বাড়ানো, পলিসিহোল্ডারদের আস্থা ফেরানো এবং নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

দুর্নীতি-অব্যবস্থাপনাই সংকটের কারণ

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এ বিষয়ে আমার দেশকে বলেন, গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও বীমা খাতে যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, তাতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বীমা খাতের সংকট তুলনামূলকভাবে আড়ালে রয়ে গেছে। অথচ এ খাতেও গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে।

তিনি বলেন, ব্যাংক, বীমা ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করা জরুরি। আর্থিক খাতের সংকট মোকাবিলায় জনগণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম জাহীদ আমার দেশকে বলেন, গ্রাহকদের বিপুল অঙ্কের বীমা দাবি রয়েছে, যা কেবল কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে পরিশোধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি বলেন, এসব কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রয়েছে। তারা গ্রাহকদের ঝুঁকির নিশ্চয়তা দিয়ে বীমার আওতায় এনেছে। অথচ এখন গ্রাহকরাই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ কিংবা সমঝোতার মাধ্যমে হলেও গ্রাহকদের পাওনা অর্থ ফেরত নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকার ও আইডিআরএর অবস্থান ইতিবাচক বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান আমার দেশকে বলেন, বীমা দাবি পরিশোধে আইডিআরএর পাশাপাশি উদ্যোগ নিয়েছে অ্যাসোসিয়েশনও। এ লক্ষ্যে ইতোমধ্যে সমস্যাগ্রস্ত বীমা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করা হয়েছে। এতে কোনো কোনো কোম্পানির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে কিছু কোম্পানির দাবি পরিশোধের মতো পর্যাপ্ত অর্থ নেই। এসব কোম্পানিকে সম্পদ (অ্যাসেট) বিক্রি করে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করতে হবে।

এদিকে, সমস্যাগ্রস্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে আইডিআরএর কঠোর অবস্থানের উদ্যোগের মধ্যে মালিকপক্ষের ভিন্নমতের বিষয়টিও সামনে এসেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ বলেন, সংকটে থাকা সাত-আটটি বীমা কোম্পানিকে সরাসরি বন্ধ না করে আগে সংকটের কারণ খুঁজে বের করে পুনর্গঠনের সুযোগ দেওয়া উচিত।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের একজন পরিচালক অনিয়ম করলে তার দায়ে অন্য পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, পলিসিহোল্ডার ও এজেন্টদের ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। বরং যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোম্পানি বন্ধ হয়ে গেলে হাজারো কর্মী ও গ্রাহক বিপদে পড়বেন। তাই এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।