Image description

চট্টগ্রামে নতুন অফিস উদ্বোধন করতে এসে ভুক্তভোগী গ্রাহকদের তীব্র বিক্ষোভ ও ক্ষোভের মুখে পড়েছেন সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ তাশফিক মান্নান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম।

গত সোমবার (১৬ নভেম্বর) নগরীর বহদ্দারহাট চান্দগাঁও এলাকায় কোম্পানির নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ গ্রাহকরা চেয়ারম্যান ও সিইওকে অবরুদ্ধ করে তাদের পাওনা টাকা ফেরতের দাবিতে সোচ্চার হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে গ্রাহকদের রোষানল থেকে বাঁচতে চেয়ারের পেছনে লুকাতে দেখা যায় সিইও শহিদুল ইসলামকে।

পরে চরম উত্তেজনার মুখে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন তারা।

জানা গেছে, নতুন অফিস উদ্বোধনের খবর পেয়ে দীর্ঘদিন ধরে বিমার টাকা না পাওয়া শতাধিক ভুক্তভোগী গ্রাহক সেখানে জড়ো হন। তাদের অভিযোগ, বছরের পর বছর নিয়মিত বিমার কিস্তি ও সঞ্চয়ের টাকা জমা দিলেও মেয়াদ শেষে প্রাপ্য অর্থ ফেরত দিচ্ছে না সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স।

ভুক্তভোগীদের দাবি, কারো কারো টাকা প্রায় ১২ বছর ধরে আটকে রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণ অফিস খুলে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করলেও মেয়াদ শেষে টাকা ফেরত চাইতে গেলে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।

গ্রাহকরা আরও অভিযোগ করেন, অনুষ্ঠানস্থলে পাওনা টাকা চেয়ে প্রতিবাদ করায় উল্টো তাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এতে পুরো অনুষ্ঠানস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।শীর্ষনিউজ