Image description

দেশের বাজারে দ্বিতীয় দফায় কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর টানা তিন দফা দাম বাড়ানোর পর সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সব মিলিয়ে দ্বিতীয় দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।