উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলে। ১৮ তলার নিজস্ব ভবন। চারটি ফ্লোরের ভাড়াটিয়া আফতাব গ্রুপ। সেখানে আছে গ্রুপটির হেড অফিসসহ পাঁচটি প্রতিষ্ঠান। ১৪ বছর আগে ‘পানির দরে’ ভাড়া দেওয়া হয়েছিল। চুক্তিতে দুই বছর পরপর ভাড়া বাড়ানোর শর্তে নবায়ন হওয়ার কথা। কিন্তু সেটি আজও হয়নি। নির্বিঘ্নে চলছে অফিসগুলো। এতে ভাড়া জালিয়াতি করে গত ১৪ বছরে অন্তত ৬২ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। কিন্তু বলার কেউ নেই। কারণ গ্রুপটির নির্বাহী চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম নিজেই ব্যাংকটির চেয়ারম্যান। আর ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম হলেন ওই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ব্যাংক ব্যবস্থাপনার দুই শীর্ষ কর্তার প্রভাবে রীতিমতো অসহায় কর্তৃপক্ষ। এমনকি বাংলাদেশ ব্যাংক বারবার চেষ্টা করেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন বিশ্লেষণ এবং আগামীর সময়ের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, আজহারুল ইসলাম ও ইফতেখারুল ইসলামের প্রভাবে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দীর্ঘদিন নতুন করে কোনো ভাড়ার হার আরোপ করতে পারেনি। কিন্তু ১৪ বছর পার হলেও একটি টাকাও বাড়েনি। রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলে মেট্রোরেল-সংলগ্ন ভবনটির ফ্লোরের স্পেসের অন্তত ৮ হাজার বর্গফুট গ্রুপটির কাছে ভাড়া দেওয়া হয়েছে। মূলত ব্যাংক ব্যবস্থাপনার ওই দুই শীর্ষ কর্তার স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে মাত্র ৬৫ টাকা বর্গফুট হিসাবে ভাড়ার চুক্তি করা হয়েছিল। যদিও ভবনটির তুলনামূলক খারাপ অবস্থানে থাকা অন্য প্রতিষ্ঠান থেকে ভাড়া আদায় করা হয়েছে প্রতি বর্গফুটে ২৮০ টাকা পর্যন্ত। অর্থাৎ অন্য প্রতিষ্ঠান থেকে আদায় করা ভাড়ার সঙ্গে আফতাব গ্রুপের মাসিক ভাড়ার পার্থক্য প্রতি বর্গফুটে ২১৫ টাকা। এ হিসাবে মাসে লোকসান ১৭ লাখ ২০ হাজার টাকা। বছরে যার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৬ লাখ ৪০ হাজার। ১৪ বছরে এই লোকসান দাঁড়ায় ২৮ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।
উত্তরা ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব বিভাগের কর্মকর্তারা বলছেন, যদি চুক্তি অনুযায়ী দুই বছর পর বাজারদরে ভাড়ার হার হালনাগাদ করা হতো তাহলে আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে ভাড়া দেওয়া স্পেসে ব্যাংকের ক্ষতির পরিমাণ ৬২ কোটি টাকা ছাড়িয়ে যেত। যা বহিঃঅডিটে নানা ফাঁকফোকরের আশ্রয় নিয়ে হিসাবে আনা হয়নি। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলও একাধিকবার আপত্তি তুলেছিল। কিন্তু ব্যাংকের পক্ষ থেকে বারবার সময় আবেদন করে শেষ পর্যন্ত সেই ভাড়ার প্রকৃত হিসাব কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দেওয়া হয়নি৷ অর্থাৎ পাঁচটি প্রতিষ্ঠানের কাছে ১৪ বছরে উত্তরা ব্যাংকের অন্তত ৬২ কোটি টাকা গচ্চা গেছে। ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের স্বার্থরক্ষায় এমন আয়োজন করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মতিঝিলে উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় ভবনটি ব্যাংকের নিজস্ব। ব্যাংকের ভবিষ্যৎ সমৃদ্ধি ও বিস্তার মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভবনটি ১৯৮৯ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। ভবনের বিভিন্ন ফ্লোর পর্যায়ক্রমে ব্যাংকটির নিজস্ব প্রয়োজনের বাইরেও ভাড়া দেওয়া হয়েছে। ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ব্যাংকটির পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছিল। এগুলো হচ্ছে— মেসার্স আফতাব ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড ও আফতাব গ্রুপের প্রধান কার্যালয় পঞ্চমতলায়, মেসার্স সি ট্রেড ফার্টিলাইজার লিমিটেড ও মেসার্স মিলনার্স পাম্পস লিমিটেড ষষ্ঠতলায় এবং মেসার্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ১০ম ও ১১তম তলায়। এর মধ্যে গত অক্টোবরে মেসার্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবন ছেড়ে দিয়েছে— এমনটি জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, ভবনটির ভাড়া ২০১২ সালের ১ জুলাই থেকে শুরু হয়েছে এবং ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত ছয় বছর কার্যকর থাকার কথা বলা আছে। দুই বছর অন্তর প্রচলিত বাজারদর অনুযায়ী উভয়পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমে ভাড়া পুনর্নির্ধারণ করার কথা। লিজগ্রহীতা মাসিক ভাড়ার ওপর সরকারনির্ধারিত ৯ শতাংশ হারে ভ্যাট দেবে। লিজদাতা ও লিজগ্রহীতার পারস্পরিক সম্মতিতে নির্ধারিত শর্তে লিজের মেয়াদ পরবর্তী সময়ের জন্য নবায়ন করার বিধান রাখা হয়েছে। লিজের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৬০ দিন আগে লিজগ্রহীতাকে লিখিতভাবে লিজদাতার কাছে নবায়নের নোটিস এবং লিজদাতাকেও লিজের মেয়াদ শেষের কমপক্ষে ৩০ দিন আগে নবায়নে সম্মতি প্রদান বা অসম্মতির বিষয়টি লিখিতভাবে জানাবে। তবে এই ফ্লোরের ভাড়া পরে বাড়ানোর কোনো রেকর্ড পায়নি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল।
কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ‘আলোচ্য উত্তরা ব্যাংকের বর্তমান পরিচালক ও চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্টি প্রতিষ্ঠানের ভাড়া প্রদান গুরুতর অনিয়ম ও অবহেলা।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গতকাল মঙ্গলবার আগামীর সময়কে বলেছেন, কোনো ব্যাংক আইন অনুযায়ী ভবন কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দিতে পারে না। যদি পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায়, তখন সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে সাময়িকভাবে ভাড়া দিতে পারে। নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া স্পেস বা ফ্লোর পরিস্থিতির উন্নতি হলে তখন কোনোভাবেই তা ভাড়া দিতে পারে না। যদি কোনো ব্যাংক নিয়ম ভেঙে ভাড়া দেয়, তবে সেটা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ব্যাংকের চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান যদি তাদের স্বার্থসংশ্লিষ্ট কোনো গ্রুপ বা প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে থাকেন, তা আইনের সরাসরি লঙ্ঘন। যদি ব্যাংক কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরও তা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবে বাংলাদেশ ব্যাংক।
উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হাশেম ব্যাংক ভবনের ভাড়া-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের বিষয়টি স্বীকার করে আগামীর সময়কে বলেছেন, ‘আমরা কঠোর অবস্থানে আছি। কিছু স্পেস খালি করতে তালা লাগার ব্যবস্থা করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব খালি করা হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না।’
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন আরও বলছে, আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে প্রতি বর্গফুটে ৬৫ টাকা হারে ভাড়া দেওয়া হয়েছে। কিন্তু একই ভবনের ছাদে গ্রামীণফোনকে প্রতি বর্গফুট ১৫৮ টাকা ৩৩ পয়সা, র্যাংকস আইটিকে ২৮০ এবং এক্স-নেট লিমিটেডকে ২৫৮ টাকা ৮২ পয়সা হারে ভাড়া দেওয়া হয়েছে। পরে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৪(৫)-এ বর্ণিত নির্দেশনা অনুযায়ী, ২০১৪ সালের ১৮ জুন বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ-১ উত্তরা ব্যাংক ভবনের ফ্লোর স্পেস ভাড়া দেওয়ার অনিয়ম শিরোনামে একই বছরের ৩০ জুন ব্যাংকের কাছে ব্যাখ্যা চায়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১০ ধারার বিধান অনুযায়ী কোনো ব্যাংক নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয়, এমন কোনো স্থাবর সম্পত্তি ৭ বছরের বেশি রাখতে পারবে না। একই আইনের ১০(২) ধারা অনুযায়ী, আমানতকারীর স্বার্থে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ভাড়ার সময় বাড়াতে পারবে। আলোচ্য ক্ষেত্রে ব্যাংকের প্রধান কার্যালয়ের বেশ কিছু ফ্লোরের স্পেস আটটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছিল এবং কোনো কোনো ক্ষেত্রে এই ভাড়া সাত বছর পার হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি— মন্তব্য করা হয় প্রতিবেদনে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ২০১৪ সালের ১২ নভেম্বর ভাড়া চুক্তির মেয়াদ পর্যন্ত থাকার অনুমতি দিয়েছিল এবং একই সঙ্গে কোনো অবস্থাতেই ভবিষ্যতে ব্যাংকের পরিচালককে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়া না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, যা ২০১৫ সালের ২২ জানুয়ারি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চুক্তির মেয়াদ শেষে ফ্লোর স্পেস খালি করে দিতে চিঠি দেওয়া হয়। পাশাপাশি ২০১৮ সালের ১৪ জানুয়ারি, ৭ ফেব্রুয়ারি, ২১ মার্চ এবং ২৬ জুনে চুক্তির মেয়াদ শেষে ফ্লোর স্পেস খালি করে দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উত্তরা ব্যাংককে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর কয়েকবার তাগাদা দেওয়া হলেও ফ্লোর স্পেস খালি না করে এবং ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সবকিছু অগ্রাহ্য করেছিলেন আজহারুল ইসলাম ও ইফতেখারুল ইসলাম। উত্তরা ব্যাংকের পক্ষ থেকে ভাড়া দেওয়া ফ্লোর না ছাড়তে ২০১৯ সালে আদালতে মামলা করা হয়েছিল।
উল্লিখিত অনিয়মের বিষয়ে উত্তরা ব্যাংকের চেয়ারম্যান আজহারুল ইসলামের মন্তব্য নিতে তার অফিসে গত ২ নভেম্বর এ প্রতিবেদক উপস্থিত হন। তার স্টাফ অফিসার বলেছিলেন, ‘চেয়ারম্যান স্যার কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না। তিনি ব্যস্ত আছেন।’ এরপর গত ৮ নভেম্বর এ প্রতিবেদক ফের তার অফিসে যান। নিজের পরিচয় দেওয়ার পর সিকিউরিটি ফ্লোরের ভেতর ঢুকতে দেননি। পরে ৯ নভেম্বর চেয়ারম্যানের মোবাইল ফোনে ডায়াল করা হলে তিনি রিসিভ করেছিলেন। কিন্তু পরিচয় দেওয়ার পর কল কেটে দিয়েছেন। পরে একই নাম্বারের হোয়াটসঅ্যাপে বিষয় উল্লেখ করে খুদেবার্তা পাঠানো হয়ে। গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত তিনি জবাব দেননি।