ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের হাতে মোট সম্পদের প্রায় ৫৮ শতাংশ কেন্দ্রীভূত। আর সবচেয়ে ধনী ১ শতাংশের দখলে রয়েছে প্রায় ২৪ শতাংশ সম্পদ।
স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়েছে। এক সময়ের দারিদ্র্যপীড়িত বাংলাদেশ এখন অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তৈরি পোশাক শিল্প, প্রবাসী আয়, অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং, বিদ্যুৎ, আবাসন ও শিল্প খাতের সম্প্রসারণে বদলে গেছে দেশের অর্থনীতির চেহারা। বেড়েছে ব্যবসার পরিধি, গড়ে উঠেছে বড় বড় শিল্পগোষ্ঠী, সম্প্রসারিত হয়েছে ব্যক্তিগত সম্পদের পরিসর। কিন্তু অর্থনীতির এ বিশাল আকারের বিপরীতে একটি প্রশ্ন ক্রমেই আলোচনায় আসছে—এত বড় অর্থনীতি, বিপুল ব্যবসায়িক সাম্রাজ্য ও সম্পদশালী মানুষের উপস্থিতি সত্ত্বেও বিশ্বের স্বীকৃত বিলিয়নেয়ারের তালিকায় কেন কোনো বাংলাদেশী নাগরিক নেই?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে প্রায় ৫০১ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশের অর্থনীতির আকার বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
অর্থনীতির আকার বাড়লেই ব্যক্তিগত সম্পদ একই হারে বাড়বে, এমন নয়। জিডিপি একটি নির্দিষ্ট সময়ে দেশে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজারমূল্য নির্দেশ করে। অন্যদিকে বিলিয়নেয়ার হওয়ার জন্য একজন ব্যক্তির মোট নিট সম্পদের মূল্য কমপক্ষে ১০০ কোটি ডলার হতে হয়। অর্থাৎ গতকালের বিনিময় হার অনুযায়ী বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ৪৪৫ কোটি টাকা।
বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রসারণের পাশাপাশি সম্পদ বণ্টনের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, গত কয়েক দশকে দেশের বড় শিল্পগোষ্ঠী ও ব্যবসাপ্রতিষ্ঠানের পরিধি বেড়েছে। কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও আয়বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ।
ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের হাতে মোট সম্পদের প্রায় ৫৮ শতাংশ কেন্দ্রীভূত। আর সবচেয়ে ধনী ১ শতাংশের দখলে রয়েছে প্রায় ২৪ শতাংশ সম্পদ। এ পরিসংখ্যান দেশের সম্পদ বণ্টনে বড় ধরনের অসমতার চিত্র তুলে ধরে। অর্থাৎ অর্থনীতির আকার ও সম্পদের পরিমাণ বাড়লেও এর সুফল সমাজের সব শ্রেণীর মানুষের কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না।
বাস্তবতা হলো দেশে অতি ধনী মানুষের অভাব নেই। বড় শিল্পগোষ্ঠী, ব্যাংক, বিদ্যুৎ কেন্দ্র, আবাসন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, তৈরি পোশাক ও আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত অনেক উদ্যোক্তার সম্পদের পরিমাণও বিপুল। রাজধানীর অভিজাত এলাকায় শতকোটি টাকার আবাসন, বিলাসবহুল গাড়ি, একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং দেশের বাইরে বিনিয়োগের চিত্রও সম্পদশালী শ্রেণীর বিস্তারের ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যেও ব্যাংক খাতে বিপুল অর্থের মালিকদের উপস্থিতি দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংকগুলোয় ১ কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা ছিল ৪০ হাজার ৫৯৯। এর মধ্যে ২৫ কোটি থেকে ৫০ কোটি টাকা জমা রয়েছে এমন হিসাব ছিল ৮৭টি। আর ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা ১৫। তবে এসব হিসাবের সংখ্যা কোনোভাবেই সম্পদশালী ব্যক্তির প্রকৃত সংখ্যা নির্দেশ করে না। কারণ একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব থাকতে পারে। একইভাবে ব্যাংকে জমা অর্থের পরিমাণও কোনো ব্যক্তির মোট নিট সম্পদের পূর্ণাঙ্গ চিত্র নয়।
দেশে বড় ব্যবসায়িক গোষ্ঠীর বিস্তারের আরেকটি চিত্র পাওয়া যায় আমদানি-রফতানি বাণিজ্যের পরিসংখ্যানে। প্রতি বছর বিলিয়ন ডলারের বেশি আমদানি-রফতানি বাণিজ্য করছে এমন শিল্পগোষ্ঠীর সংখ্যা বর্তমানে নয়টি। ২০২৫-২৬ অর্থবছরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল গ্রুপ, দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশন, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার গ্রুপ, বিএসআরএম, টি কে গ্রুপ, খায়ের কাশেম গ্রুপ ও হা-মীম গ্রুপ শুল্ক-করসহ আমদানি-রফতানি বাণিজ্যে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। বিপুল বৈদেশিক বাণিজ্য ও ব্যবসায়িক কর্মকাণ্ডের ব্যাপ্তি থাকলেও এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের কেউ বাংলাদেশী নাগরিক হিসেবে বৈশ্বিক বিলিয়নেয়ারের স্বীকৃতি পাননি।
তবে কোনো প্রতিষ্ঠানের আমদানি-রফতানি বাণিজ্যের পরিমাণ বা বার্ষিক লেনদেন উদ্যোক্তার ব্যক্তিগত সম্পদের সমান নয়। ব্যক্তিগত সম্পদের মূল্য নির্ধারণে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মুনাফা, বাজারমূল্য এবং সংশ্লিষ্ট উদ্যোক্তার মালিকানার অনুপাত বিবেচনা করতে হয়। ফলে বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য করা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর উদ্যোক্তা স্বয়ংক্রিয়ভাবে বিলিয়নেয়ার হয়ে যান না। কিন্তু এত বড় ব্যবসায়িক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও উদ্যোক্তাদের সম্পদের প্রকৃত মূল্য আন্তর্জাতিকভাবে দৃশ্যমান না হওয়ার বিষয়টি দেশের তথ্য ও মূল্যায়ন কাঠামোর সীমাবদ্ধতাকেই সামনে নিয়ে আসে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, বাংলাদেশের সম্ভাব্য সম্পদশালী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বিলিয়নেয়ার তালিকায় না থাকার পেছনে একক কোনো কারণ নেই। বরং সম্পদের মালিকানা ও হোল্ডিং কাঠামোর জটিলতা, বড় ব্যবসাপ্রতিষ্ঠানের পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়া, কোম্পানির আর্থিক তথ্যের অপ্রতুলতা, কর ও আইনি জটিলতা, সম্পদের প্রকৃত মূল্য গোপন রাখার প্রবণতা এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন—সব মিলিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে গত কয়েক বছরের ব্যবসায়িক মন্দা ও বিনিয়োগ সংকোচনের প্রভাবও যুক্ত হয়েছে। ফলে দেশে প্রকৃতপক্ষে বিলিয়ন ডলারের সম্পদের মালিক থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে তা শনাক্ত ও মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ছে।
রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার আশরাফ জামান আলী অবশ্য বণিক বার্তাকে বলেন, ‘বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে সম্পদের প্রকৃত মালিকানা ও মূল্যায়নের ক্ষেত্রে তথ্যের ঘাটতি রয়েছে। একজন উদ্যোক্তার বিভিন্ন প্রতিষ্ঠানে কী পরিমাণ মালিকানা রয়েছে, সেসব প্রতিষ্ঠানের অধীনস্থ সহযোগী কোম্পানিগুলোর সম্পদ কত এবং সব মিলিয়ে তার প্রকৃত সম্পদের পরিমাণ কত—তা নির্ভরযোগ্যভাবে নিরূপণ করা কঠিন। উন্নত দেশগুলোয় সাধারণত একটি হোল্ডিং কোম্পানির অধীনে একাধিক সাবসিডিয়ারি প্রতিষ্ঠান থাকে। হোল্ডিং কোম্পানিতে কোনো ব্যক্তির শেয়ার থাকলে অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও ব্যবসায়িক স্বার্থের ভিত্তিতে তার সম্পদের একটি সমন্বিত মূল্যায়ন করা সম্ভব। বাংলাদেশে অনেক ক্ষেত্রে এ ধরনের মালিকানা কাঠামো স্পষ্ট নয়। ফলে প্রকৃত সম্পদ নির্ধারণে জটিলতা তৈরি হয়।’
করপোরেট তথ্যের সহজলভ্যতার ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে উন্নত দেশগুলোর বড় পার্থক্য রয়েছে। উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের কোম্পানি হাউজের কথা বলা যায়। সেখানে নিবন্ধিত কোম্পানির আর্থিক বিবরণী ও মালিকানাসংক্রান্ত তথ্য সাধারণ মানুষও সংগ্রহ করতে পারে। ফলে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, মালিকানা ও ব্যবসার পরিধি সম্পর্কে অনুসন্ধান করা তুলনামূলক সহজ। বাংলাদেশে কোম্পানি নিবন্ধন ও আর্থিক বিবরণী জমা দেয়ার বিধান থাকলেও এসব তথ্য সাধারণের জন্য একই মাত্রায় সহজলভ্য নয়। ফলে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বা সম্পদ অনুসন্ধানকারীদের পক্ষে বাংলাদেশের উদ্যোক্তাদের সম্পদ যাচাই করা কঠিন হয়ে পড়ে।
আন্তর্জাতিক পর্যায়ে সম্পদ মূল্যায়নের ক্ষেত্রেও শুধু তালিকাভুক্ত কোম্পানির শেয়ারদর বিবেচনা করা হয় না। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের পদ্ধতি অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিতে কোনো ব্যক্তির মালিকানাধীন শেয়ারের সর্বশেষ বাজারদর দিয়ে সেই অংশের মূল্য নির্ধারণ করা হয়। পাশাপাশি অ-তালিকাভুক্ত ও বেসরকারি কোম্পানিতে থাকা মালিকানার মূল্য নির্ধারণে কোম্পানির আর্থিক তথ্য, বিভিন্ন আর্থিক সূচক এবং একই খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মূল্যায়নের সঙ্গে তুলনা করা হয়। নগদ অর্থ, অন্যান্য তরল বিনিয়োগ, শেয়ার বিক্রি ও লভ্যাংশ থেকে পাওয়া অর্থও সম্পদের হিসাবের অংশ। এসব সম্পদের মূল্য চলতি বিনিময় হার অনুযায়ী মার্কিন ডলারে রূপান্তর করা হয়।
অর্থাৎ কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলেও তার নির্ভরযোগ্য আর্থিক তথ্য ও মালিকানার প্রমাণ পাওয়া গেলে সম্পদ মূল্যায়নের সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশের বড় বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক তথ্য, মালিকানা কাঠামো ও সম্পদের প্রকৃত মূল্য সম্পর্কে পর্যাপ্ত তথ্য সহজলভ্য না হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে সেগুলোর নির্ভরযোগ্য মূল্যায়ন কঠিন হয়ে পড়ে। বিশেষ করে একটি হোল্ডিং কোম্পানির অধীনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ ও মুনাফা একজন উদ্যোক্তার ব্যক্তিগত মালিকানার সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য না থাকলে তার প্রকৃত সম্পদও আড়ালে থেকে যায়।
এ পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর পুঁজিবাজারের বাইরে থাকা। বাংলাদেশের অনেক বড় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানই প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে। ফলে এসব প্রতিষ্ঠানের শেয়ারের কোনো নিয়মিত বাজারদর নেই। কোম্পানির সম্পদ, আয়, মুনাফা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা সম্ভব হলেও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি দৃশ্যমান বাজারমূল্য তৈরি হয় না। অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে শেয়ারের বাজারদর ও উদ্যোক্তার মালিকানার অনুপাত বিবেচনায় নিয়ে সম্পদের মূল্য নির্ধারণ তুলনামূলক সহজ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বণিক বার্তাকে বলেন, ‘দেশের বড় উদ্যোক্তাদের সম্পদের প্রকৃত মূল্যায়ন না হওয়ার পেছনে তাদের অধিকাংশ প্রতিষ্ঠানের অ-তালিকাভুক্ত অবস্থান অন্যতম কারণ। কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে তার একটি বাজারমূল্য তৈরি হয়। তখন উদ্যোক্তার হাতে থাকা শেয়ারের পরিমাণ ও বাজারদর বিবেচনায় তার সম্পদের মূল্যায়ন করা সম্ভব। শুধু সম্পদের মূল্যায়ন নয়, তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন সংগ্রহের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে উদ্যোক্তারাও তাদের বিনিয়োগের একটি দৃশ্যমান মূল্য পান। ভবিষ্যতে উত্তরসূরিদের কেউ ব্যবসা পরিচালনায় আগ্রহী না হলে কিংবা ব্যবসা থেকে বেরিয়ে যেতে চাইলে শেয়ার বিক্রির মাধ্যমে বিনিয়োগ থেকে বেরিয়ে আসার সুযোগ থাকে। এ কারণে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে আসা গুরুত্বপূর্ণ।’
দেশের পুঁজিবাজারের চিত্রও বড় ব্যবসাপ্রতিষ্ঠানের মূল্যায়নসংক্রান্ত সীমাবদ্ধতার বিষয়টি সামনে নিয়ে আসে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বর্তমানে মাত্র চারটির বাজার মূলধন ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এগুলো হলো গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা ও ব্র্যাক ব্যাংক। তবে এর মধ্যে স্থানীয় মালিকানার প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাক ব্যাংকের বাজার মূলধনই কেবল এ সীমা অতিক্রম করেছে। অর্থাৎ দেশের বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীগুলোর অধিকাংশই পুঁজিবাজারের বাইরে থাকায় তাদের ব্যবসার সামগ্রিক মূল্যায়ন দৃশ্যমান নয়।
এ প্রসঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘বিশ্বের অনেক দেশে সম্পদশালীদের সম্পদের তথ্য সহজেই পাওয়া যায়। বাংলাদেশে ব্যবসায়ীদের সম্পদের তথ্য সেভাবে দৃশ্যমান নয়। তাছাড়া দেশে অনেক ক্ষেত্রে বাজারমূল্যের পরিবর্তে মৌজা মূল্য ধরে সম্পদ নিবন্ধন করা হয়। এতে সম্পদের প্রকৃত মূল্য প্রতিফলিত হয় না। বড় কোম্পানিগুলোর অধিকাংশই পুঁজিবাজারের বাইরে থাকায় সেগুলোর সামগ্রিক সম্পদের আনুষ্ঠানিক মূল্যায়নও সম্ভব হচ্ছে না।’
সম্পদের প্রকৃত মালিকানা আড়ালে থাকার পেছনে কর ও আইনি জটিলতাও ভূমিকা রাখছে। অনেক উদ্যোক্তার সম্পদ ব্যক্তিগত নামে না থেকে কোম্পানির নামে রয়েছে। আবার কিছু সম্পদ আনুষ্ঠানিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে থাকায় সেগুলোর তথ্য নির্ভরযোগ্যভাবে যাচাই করা যায় না। কর পরিপালনসংক্রান্ত বাধ্যবাধকতা এবং সম্পদের তথ্য প্রকাশে অনীহার কারণে অনেকেই ব্যক্তিগত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে চান না। বিদেশে সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ থাকলেও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন বিধিবিধানের কারণে সেসব সম্পদের তথ্য প্রকাশ ও অর্থ স্থানান্তরের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসের মতো আন্তর্জাতিক তথ্যভাণ্ডারেও বাংলাদেশের নাগরিকদের বিদেশে বিভিন্ন ট্রাস্ট, শেল কোম্পানি ও জটিল মালিকানা কাঠামোর মাধ্যমে সম্পদ ধারণের তথ্য উঠে এসেছে। এসব কাঠামোর ক্ষেত্রে আইনি মালিকানা ও প্রকৃত সুবিধাভোগী মালিকের মধ্যে পার্থক্য থাকতে পারে। ফলে কোনো প্রতিষ্ঠানের প্রকৃত মালিক কে এবং শেষ পর্যন্ত কার হাতে সম্পদের নিয়ন্ত্রণ রয়েছে, তা শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আন্তর্জাতিক পর্যায়ে সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রেও এটি বড় প্রতিবন্ধকতা।
সম্পদের ডলারভিত্তিক মূল্যায়নে টাকার অবমূল্যায়নও বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাসরুর রিয়াজ বণিক বার্তাকে বলেন, ‘গত কয়েক বছরে ডলারের বিপরীতে টাকার প্রায় ৪২ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। ফলে কোনো উদ্যোক্তার সম্পদের পরিমাণ টাকায় অপরিবর্তিত থাকলেও আন্তর্জাতিক বাজারে ডলারের হিসাবে তার মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে কোনো উদ্যোক্তার সম্পদ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকলেও টাকার অবমূল্যায়নের কারণে তা নির্ধারিত সীমার নিচে নেমে যেতে পারে।’
গত চার-পাঁচ বছরে দেশের ব্যবসা-বাণিজ্যও নানা ধরনের চাপে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক প্রতিষ্ঠানের ব্যবসা ও মুনাফা কমেছে, কোথাও কোথাও সামগ্রিক কার্যক্রম সংকুচিত হয়েছে। এর প্রভাব উদ্যোক্তাদের ব্যক্তিগত সম্পদের মূল্যায়নেও পড়েছে। পাশাপাশি অনেক সম্পদ ব্যক্তির নামে না থেকে কোম্পানির নামে রয়েছে কিংবা আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর বাইরে রয়ে গেছে। ফলে প্রকৃত ব্যক্তিগত সম্পদের পরিমাণ নির্ধারণ করা কঠিন। বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় তাদের প্রকৃত সম্পদ বিলিয়ন ডলারের বেশি হলেও আন্তর্জাতিকভাবে তার আনুষ্ঠানিক মূল্যায়ন দৃশ্যমান হচ্ছে না।’
আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতার অভাবও এ ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয়। যেসব উদ্যোক্তার ব্যবসা বহুজাতিক পর্যায়ে বিস্তৃত এবং যাদের কোম্পানির শেয়ার বিভিন্ন আন্তর্জাতিক বাজারে লেনদেন হয়, তাদের সম্পদ ও মালিকানার তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানের নজরে আসার সুযোগ বেশি। বিপরীতে বাংলাদেশের অনেক বড় উদ্যোক্তার ব্যবসা ও সম্পদের প্রধান অংশ দেশের অভ্যন্তরেই কেন্দ্রীভূত। তাদের আন্তর্জাতিক ব্যবসায়িক উপস্থিতি ও পরিচিতি তুলনামূলক কম হওয়ায় বৈশ্বিক সম্পদ অনুসন্ধানকারী প্রতিষ্ঠানগুলোর নজরে আসার সম্ভাবনাও কম।
তবে বাংলাদেশে বড় সম্পদশালী ব্যক্তির অনুপস্থিতির চিত্র পুরোপুরি এমন নয়। সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক ব্যাংক ক্রেডিট সুইসের (বর্তমানে ইউবিএসের অধিগ্রহণকৃত) ২০২৩ সালের গ্লোবাল ওয়েলথ ডেটাবুকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৫০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক ছিলেন ২২ ব্যক্তি। অবশ্য পরবর্তী সময়ে টাকার অবমূল্যায়নের কারণে ডলারের হিসাবে তাদের সম্পদের মূল্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফোর্বসের বিলিয়নেয়ার তালিকায় বাংলাদেশের ব্যবসায়ীর উপস্থিতি অবশ্য একেবারে অনুপস্থিত ছিল না। ২০১৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশী উদ্যোক্তা হিসেবে তালিকায় জায়গা করে নেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। এরপর থেকে তিনি সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পেয়ে আসছিলেন। তবে ২০২৪ সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করায় ফোর্বসের তালিকায় তাকে সিঙ্গাপুরের ধনী হিসেবে দেখানো হয়। ২০২৫ সালের তালিকায় আজিজ খান সিঙ্গাপুরের ৪৯তম এবং বিশ্বের ২ হাজার ৭৯০তম ধনী ব্যক্তি ছিলেন। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল ১১০ কোটি ডলার। তবে সম্পদের মূল্য কমে যাওয়ায় ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে তিনি বাদ পড়েন।
অর্থনীতিবিদরা মনে করেন, সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও ব্যক্তিগত সম্পদের প্রকৃত মালিকানা, মূল্যায়ন ও তথ্য প্রকাশের কাঠামো এখনো আন্তর্জাতিক মানে পৌঁছায়নি। বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তি, করপোরেট তথ্যের স্বচ্ছতা, প্রকৃত সুবিধাভোগী মালিকানা শনাক্তকরণ এবং সম্পদের নির্ভরযোগ্য মূল্যায়ন নিশ্চিত করা না গেলে দেশের শীর্ষ উদ্যোক্তাদের প্রকৃত সম্পদ আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান করা কঠিনই থেকে যাবে। ফলে ফোর্বসের তালিকায় বাংলাদেশী বিলিয়নেয়ারের অনুপস্থিতি শুধু ধনীর সংখ্যা কম থাকার প্রশ্ন নয়; বরং দেশের সম্পদ কতটা দৃশ্যমান, কতটা স্বচ্ছ এবং কতটা নির্ভরযোগ্যভাবে মূল্যায়নযোগ্য—সে কাঠামোগত দুর্বলতারও প্রতিফলন।
তারা আরো মনে করেন, একটি দেশে বিলিয়নেয়ার থাকা বা না থাকা দিয়ে সেই দেশের অর্থনৈতিক সাফল্য পুরোপুরি পরিমাপ করা যায় না। বরং নাগরিকদের মাথাপিছু আয়, কর্মসংস্থান, জীবনযাত্রার মান, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ এবং সম্পদের ন্যায্য বণ্টন বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া। এমন অর্থনীতি গড়ে তোলা, যেখানে উদ্যোক্তারা সম্পদ তৈরি করবেন, বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সেই প্রবৃদ্ধির সুফল শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষও পাবেন।