Image description

ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তার সহযোগীকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

রোববার (০৮ মার্চ) মধ্যরাতে সৌদি আরব থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এমন এমন দাবি জানান তিনি।

‘হত্যাকারীদের গ্রেপ্তার’কে মাইলফলক উল্লেখ করে পোস্টে তিনি বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার যাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও ‍লিখেন, ‘আমি অনতিবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একইসাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

শেষে তিনি লিখেন, ‘বর্তমানে আমি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পুণ্যভূমি মক্কায় অবস্থান করছি। শহীদ শরীফ ওসমান বিন হাদীসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় দোয়া করছি। আল্লাহ আমাদের দেশকে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির জনপদ হিসেবে কবুল করুন।’