দলের নেতাকর্মীদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে, এটা আমাদের প্রত্যাশা। নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা এখনই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূলকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় লাভ করেছি। এতে আমরা সন্তুষ্ট নই, সামনের দিনগুলোতে আমরা এই অর্জনকে বৃদ্ধি করবো।
তিনি বলেন, এই এক বছর এনসিপি নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আমরা মনে করি বিপ্লব থেকে বিকল্প তৈরি হয়েছে। সেই বিকল্প পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণ করবে। নাহিদ বলেন, ফ্যাসিবাদ বিলুপ্তির জন্য বিচার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই গণহত্যাকারী, গুম-খুনিদের বিচারের দাবিতে আমরা এখনও সরব রয়েছি।
শীর্ষনিউজ