জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান সাম্প্রতিক নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকায় ছয় বছর বয়সী শিশু তাহিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, নরসিংদীতে ১৫ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন করা হয়েছে, এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গোটা দেশ স্তম্ভিত।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক প্রভাব রয়েছে এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনও শিথিলতা দেখাচ্ছে। তিনি বলেন, অপরাধীদের বিচার না করে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেওয়া হচ্ছে। শিশু তাহিয়া হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ হিসেবে দেখানোর চেষ্টা এবং মামলা তুলে নিতে পরিবারের ওপর হুমকি কারা দিচ্ছে—এ প্রশ্ন তিনি তোলেন।
তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের রক্ষা এবং নির্যাতিতদের দমন কোনো সভ্য দেশের সংস্কৃতি হতে পারে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি অনুরোধ জানান। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং দেশের সব নিপীড়িত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।