ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, অতীতে বিএনপির রাজনৈতিক পরিচয়ের কারণে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক নেতাকর্মী ও তাদের পরিবার পুনর্বাসন ও সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। তবে বর্তমান সরকার এই বিষয়ে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবে এবং ক্ষতিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ‘কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে অতীতে বিএনপির দলীয় পরিচয়ের কারণে যথাযথ পুনর্বাসন সহায়তা দেওয়া হয়নি। আমরা সেসব বিষয় পর্যালোচনা করছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় আসবে না। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে, তাদের প্রাপ্য সম্মান তাদের দেওয়া হবে।’
তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন। তাদের যাচাই-বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কাউকে রাজনৈতিক বিবেচনায় বাদ দেওয়া হবে না।’প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলেও জানান তিনি।
ইশরাক বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, পরিবার-পরিজনের শিক্ষাসহায়তা এবং বিভিন্ন ভাতার বিষয়ে তিনি হালনাগাদ তথ্য জানতে চেয়েছেন।’জুলাই ফাউন্ডেশন সম্পর্কে তিনি বলেন, ‘অতীতে সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করেছিল। সেই অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে কি না, তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আমরা তার নির্দেশনা গ্রহণ করেছি।’
কালবেলা