কুষ্টিয়া-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, আর শেরপুরের একজন বাকি আছে—এই ৭৯ জন। আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। মসজিদের মধ্যে বসে বলছি, ১০০ ভাগ চেষ্টা চালাবো এই ৭৯ জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক–ওদিক করে, আমরা চেপে ধরবো—সে সংসদের ভেতরে হোক বা সংসদের বাইরে হোক।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে আলোচনায় তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, আমাদের কাছে দল–বেদল, ধর্ম–অধর্ম নেই। মানুষ হলেই তার প্রতি—আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে—তা হিসাব করে দেখবো, সেটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, আর অন্য দলের লোক করলেই ধরা লাগবে—এটা ন্যায়বিচার নয়।
তিনি আরও বলেন, আমি এমপি শুধু ১ লাখ ৮৩ হাজার ভোট পাওয়া মানুষের নই; আমি সাড়ে ৪ লাখ ভোটারের সবার এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো, আপন বোনের মতো মনে করি। ইনশাল্লাহ, আগামী পাঁচ বছর যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।