নিজ এলাকা ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি।
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফখরুল ওই ওয়েবসাইটে সরাসরি তাকে সমস্যার কথা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন- ‘ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।’
পোস্টে আরও বলা হয়েছে- ‘৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শিগগিরই রেসপন্স করব।’
পোস্টে মো. সোহাগ হাসান নামে এক নেটিজেনরা মন্তব্য করে লেখেন- ‘স্বাগতম এই নতুন বাংলাদেশে এটাই হওয়ার দরকার।’
আবু হায় নামে আরেকজন লেখেন- ‘এই রকম সারা বাংলাদেশের হতে হবে স্যার।’
হাসান সাদিক নামে একজন লেখেন- ‘ভালো উদ্যোগ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এগিয়ে যান নতুন বাংলাদেশ বিনির্মাণে।’