বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগরের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ দুজনকে। জামিনপ্রাপ্ত আরেক জন হলেন, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।
গত মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার জিআরও এসআই শম্ভু জানিয়েছেন।
একইভাবে সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার হাইকোর্ট থেকে সম্প্রতি জামিন পেয়েছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করে। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবিরও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ তিনজনের জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বরিশালের ছয় মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেছা আফরোজ। এর আগে বেশ কয়েকবার একটি মামলায় জামিন হলে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়।