Image description

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচন-পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ।’ 

আজ সোমবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, নির্বাচন কমিশনে (ইসি) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যেসব আসন নিয়ে আপত্তি জানানো হয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। 

সমাবেশে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হক বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকার নিয়ে তামাশা করা হয়েছে।

 
প্রহসনের ফলাফলের পর সারা দেশে ১১ দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম করছে সাবেক মজলুম দল। রক্তস্নাত অভ্যুত্থানের পর আর কোনো ফ্যাসিবাদ এদেশের মানুষ মেনে নেবে না। জুলাইয়ের চেতনা সমুন্নত না থাকলে আমরা আবার মাঠে নামব।’

 

সমাবেশে উপস্থিত হয়ে হাদি হত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের ওপর জোর দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

 
তিনি বলেন, ‘ভোট ডাকাতদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। ভোট ডাকাতদের কাছ থেকে পাওনা বুঝে নেব। হাদি হত্যার বিচারে পদক্ষেপ নিন। সংস্কারে হ্যাঁ ভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে।
 
অন্যথায় দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে জুলাই শক্তি। সব দাবি কড়ায়-গণ্ডায় আদায় করে ছাড়ব।’