Image description

বরগুনা-২ আসনে বিজয় লাভের পর প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। সাক্ষাৎকালে তারা কোলাকুলি করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী গ্রামে অবস্থিত ডা. সুলতান আহমেদের বাসভবনে যান নূরুল ইসলাম মনি। এ সময় বরগুনা-২ আসনের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাক্ষাতে নূরুল ইসলাম মনি বলেন, তাদের সম্পর্ক ভাইয়ের মতো এবং চার দশকেরও বেশি সময় ধরে এই সম্পর্ক অটুট রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। আল্লাহর রহমতে তারা উভয়ই বিজয়ী হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ভবিষ্যতেও বড় ভাই হিসেবে ডা. সুলতান আহমেদের পরামর্শ নিয়ে কাজ করবেন। সুলতান আহমেদকে বড় ভাইয়ের মর্যাদা দেওয়ার আহ্বানও জানান তিনি।

অন্যদিকে ডা. সুলতান আহমেদ বলেন, জয়-পরাজয় জীবনের অংশ; খেলাধুলার মতো নির্বাচনেও প্রতিযোগিতা থাকে। এখন সরকার গঠনের প্রক্রিয়া কীভাবে এগোয়, সেটাই দেখার বিষয়। দেশের কল্যাণে যা ভালো হবে, সেটাই প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি পাথরঘাটা, বামনা ও বেতাগী এলাকায় দলের নেতাকর্মীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বরগুনা-২ আসনের ১২২টি কেন্দ্রের ফলাফলে নূরুল ইসলাম মনি পেয়েছেন ৮৯ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. সুলতান আহমেদ পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট।