এবারের নির্বাচনে রংপুরের মানুষ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, রংপুরের ছয়টি আসনে ১১ দলীয় জোট একটি আসনে শাপলা কলি এবং পাঁচটি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের জাতীয় নির্বাচনে একদিকে আওয়ামী লীগ একবারে নেই হয়ে গেছে। সঙ্গে জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন আখতার হোসেন।
এনসিপির সদস্য সচিব বলেন, জাতীয় পার্টি ৫ আগস্ট যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, ১২ ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে। এই স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে একটা বড় ধরনের বিজয়।
বিজয় অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আখতার হোসেন বলেন, এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে কাজ করেছেন, এই রংপুর চার আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়াকর্মী আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই।
নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা চলছে। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে আমরা আলোচনা করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এবং জোটের পক্ষ থেকেও সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে উপস্থাপন করব।
আখতার হোসেন শাপলা কলি প্রতীকে মোট এক লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে মোট এক লাখ ৪০ হাজার ৫৬৪টি ভোট পান। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।