ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভূমিধস বিজয়ের পথে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ঘোষিত ফলাফলে তিনি বড় ব্যবধানে এগিয়ে থাকায় আসনটিতে তার জয় এখন সময়ের অপেক্ষা বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত এসব কেন্দ্রে শাপলা কলি প্রতীক নিয়ে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট। ফলে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
কুমিল্লা-৪ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৬টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার পরই চূড়ান্ত ফল জানা যাবে।