ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-১৩ আসনে ভোট গণনা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত প্রাপ্ত ৫৮টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, মূল দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সামান্য ভোটের ব্যবধানে এই আসনে বর্তমানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে ৫৮টি কেন্দ্রের গণনায় ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৩৩,৭৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৩৩,৪৩৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৩৩১, যা কেন্দ্রগুলোতে উপস্থিত সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি করেছে। এই আসনে মোট ১৩০টি কেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ৪,০৮,৭৯১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২,০৯,৮১২ এবং নারী ভোটার রয়েছেন ১,৯৮,৯৭১ জন।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী একযোগে ভোটগ্রহণ চলে। ঢাকা-১৩ আসনের কেন্দ্রগুলোতে সকালে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে তরুণ ভোটারদের ভিড় উপচে পড়তে দেখা যায়। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভোট দিয়ে বের হওয়ার সময় এক তরুণ ভোটার জানান, 'আমরা এমন নেতৃত্ব চাই যারা আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।'
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ফলাফল যাচাই-বাছাইয়ের কাজ দ্রুতগতিতে চলছে।