Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এসব সত্ত্বেও দলের অনিবার্য বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের নেতারা।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এ কথা বলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ভোটারসহ নির্বাচন আয়োজন সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই।”

 

তবে একইসঙ্গে দেশের বিভিন্ন এলাকায় অনিয়মের অভিযোগ তুলে ধরে তিনি দাবি করেন, অনেক কেন্দ্রে আগে থেকেই সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। মৃত ব্যক্তির নামে ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনাকে তিনি “ফ্যাসিবাদী আমলের বহিঃপ্রকাশ” বলে উল্লেখ করেন।

 

ড. মাহদী আমিন আরও অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে ‘ভুয়া পর্যবেক্ষক’ নিয়োগের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। তার দাবি, এর ফলে কিছু এলাকায় ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে, যাতে তারা কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হন।

নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “বিএনপির অনিবার্য বিজয় ঠেকানোর কোনো অপচেষ্টা সফল হবে না।”

এ সময় গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন।

জনকণ্ঠ