Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 


বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক পোস্টে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে এ আহ্বান জানান। তিনি বলেন, পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেউ যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন।


আরেকটি পোস্টে সম্ভাব্য বিজয় প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যদি আল্লাহর রহমতে দল বিজয়ী হয়, তবে উল্লাস বা মিছিল নয়—বরং সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় করা হবে এবং দেশের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করা হবে।

 


এর আগে দেওয়া এক বার্তায় ডা. শফিকুর রহমান ভোটের দিন বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, কোথাও কোথাও জাল ভোটের চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা, নারী ভোটারদের হয়রানি এবং কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। তবে ভোটাররা অনেক জায়গায় এসব প্রতিরোধ করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

 


দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের ভোট সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে কোনো ধরনের কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের ঘটনা না ঘটে।


তিনি আরও বলেন, জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব এবং এ ক্ষেত্রে প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

জনকণ্ঠ