ফেনীতে ৪টি ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানে যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এসময় যুবদল নেতা বদরের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, খামার মালিক বদর ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুইদিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।