দেশ পরিচালনার জন্য যে অভিজ্ঞতা দরকার, তা শুধু বিএনপিরই রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অতীতে বিএনপি যখনই দায়িত্বে ছিল, দেশের মানুষের জন্য কাজ করেছে। বিএনপি দায়িত্ব পেলে দেশ আবারও সামনের দিকে এগিয়ে যাবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যাত্রাবাড়ী এলাকায় একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) তৈরি করা হবে। আমরা জানি কীভাবে শিল্পায়ন করতে হয় এবং কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে হয়।
বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, উন্নয়নের নামে দেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ফেরত এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রেও বিএনপির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করবো।
কৃষকদের জন্য বড়ো ঘোষণা দিয়ে তিনি বলেন, কৃষক ভাইদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এছাড়া যারা কাজের উদ্দেশ্যে বা ব্যবসার জন্য বিদেশে যেতে চান, তাদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। বিদেশে যাওয়ার জন্য কাউকে আর ভিটেমাটি বিক্রি করতে হবে না।
সামাজিক নিরাপত্তার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সমাজের সম্মানিত হুজুর ও অন্য ধর্মগুরুদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। আমরা সব ধর্মের মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে চাই।
পথসভায় ঢাকা-৫ আসনের দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং দেশ একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।
