Image description
 

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে শহীদ শরিফ ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেন শবনম খাদিজা নামে এক নারী। তবে তিনি আসলেই হাদির বোন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শবনম খাদিজা নিজেকে শহীদ শরিফ ওসমান হাদির বোন হিসেবে পরিচয় দেন। 

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সেখানে তিনি ওই নারীকে ভুয়া বলে দাবি করেন। 

পোস্টে রাবেয়া ইসলাম শম্পা উল্লেখ করেন, ‘শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি রাজনৈতিক দলগুলোকে নিজস্ব স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করার আহ্বান জানান। তবে তার আদর্শ অনুসরণ বা ব্যবহার করলে কোনো আপত্তি নেই।’

রাবেয়া ইসলাম শম্পার এই পোস্টটি শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, পরিবারের তথ্যমতে বক্তব্য দেওয়া ওই নারী ওসমান হাদির তিন বোনের কেউ নন।

তবে শবনম খাদিজা নামের ওই নারী কে বা তার আসল পরিচয় কী, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।